মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

শিক্ষাব্যবস্থা আধুনিকায়নে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০৯:০৫ পিএম

শিক্ষাব্যবস্থা আধুনিকায়নে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী, মানসম্মত ও কর্মমুখী করতে সরকার উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ কথা জানান। রংপুর জেলা পরিষদের উদ্যোগে মাধ্যমিক ও সমমান পরীক্ষায় জিপিএ-পাঁচ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রংপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত এক হাজার ৩০০ জন কৃতী শিক্ষার্থীকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাই যেকোনো রাষ্ট্রের টেকসই উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি। এই ভিত্তিকে মজবুত করতে শিক্ষাব্যবস্থাকে পুনর্গঠনের কাজ চলছে। তিনি উল্লেখ করেন, বর্তমান যুগ প্রযুক্তি ও আন্তর্জাতিক প্রতিযোগিতার। ফলে শিক্ষার্থীদের গতানুগতিক শিক্ষার বাইরে বিজ্ঞান, প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি এবং কারিগরি দক্ষতা অর্জনে এগিয়ে যেতে হবে। শহর ও গ্রামীণ জনপদের মধ্যে শিক্ষার সুযোগের ব্যবধান যেন তৈরি না হয়, সে লক্ষ্যেই রাষ্ট্রীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

শিক্ষার্থীদের মানবিক গুণাবলি অর্জনের তাগিদ দিয়ে তিনি জানান, কেবল একাডেমিক পরীক্ষায় ভালো ফল অর্জন করাই শিক্ষার একমাত্র লক্ষ্য হতে পারে না। ভবিষ্যৎ সমাজ পরিচালনার জন্য প্রতিটি শিক্ষার্থীকে সততা, নৈতিকতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এ ক্ষেত্রে পাঠ্যবই পড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের স্বপ্ন দেখা এবং তা বাস্তবায়নে সঠিক দিকনির্দেশনা দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।

উচ্চশিক্ষার পথে পা বাড়ানো শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, এই সাফল্য অর্জনের একটি ধাপ মাত্র, সামনে আরও বড় দায়িত্ব ও চ্যালেঞ্জ অপেক্ষা করছে। মেধা ও কঠোর পরিশ্রমকে দেশের সামগ্রিক কল্যাণে নিয়োজিত করার পরামর্শ দেন তিনি। অভিভাবকদের উদ্দেশে তিনি আহ্বান জানান, সন্তানদের ওপর অযাচিত মানসিক চাপ সৃষ্টি না করে তাদের ব্যক্তিগত মেধা ও আগ্রহকে প্রাধান্য দিতে হবে। 

একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, অপরাধ, সামাজিক অপসংস্কৃতি ও সন্ত্রাস থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলা, সৃজনশীল সাংস্কৃতিক চর্চা ও জ্ঞানভিত্তিক কার্যক্রমে যুক্ত রাখার তাগিদ দেন তিনি। রংপুর জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যরা বক্তব্য দেন। অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।