সেপ্টেম্বর ১০, ২০২৬, ০৬:০৯ পিএম
দেশের বিশাল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার সংসদ ভবনের শপথকক্ষে আয়োজিত জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক এক পলিসি ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তাগিদ দেন।
উন্নয়ন বলতে শুধু অর্থের পরিবর্তন নয়, বরং মানুষের জীবনমানের প্রকৃত উন্নয়নকে বোঝায় বলে তিনি উল্লেখ করেন।
জাতিসংঘ জনসংখ্যা তহবিল বা ইউএনএফপিএ-এর কারিগরি সহায়তায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। এসপিসিপিডি প্রকল্পের অধীনে আয়োজিত এই পলিসি ডায়ালগের মূল বিষয় ছিল বাংলাদেশের জনমিতিক সুযোগ ও সম্ভাবনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুরুতে স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, জনমিতিক লভ্যাংশ, জেন্ডার লভ্যাংশ এবং দীর্ঘায়ু লভ্যাংশ একে অপরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। এসব সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে শুধু নীতি প্রণয়ন করলেই চলবে না। আইন প্রণয়ন, সংস্কার, বাজেটের কার্যকর ব্যবহার এবং জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে তিনি মনে করেন। সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় এসব নীতি প্রয়োগ করার আহ্বান জানান স্পিকার। নারীদের শিক্ষার সুযোগ, প্রবীণদের স্বাস্থ্যসেবা এবং তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় এই আলোচনায়।
তারুণ্যের দক্ষতা ও প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে বলে জানান ডেপুটি স্পিকার। রাষ্ট্রীয় নীতিনির্ধারণী পর্যায়ে দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে বিদেশে জনশক্তি রপ্তানিতে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে অর্থনৈতিক সুযোগের তিনটি পৃথক জানালার জন্য প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়, যেখানে সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন