মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

পুঁজিবাজারে ১৭ হাজার বিনিয়োগকারী ফেরত পাচ্ছেন অর্থ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৮:০০ পিএম

পুঁজিবাজারে ১৭ হাজার বিনিয়োগকারী ফেরত পাচ্ছেন অর্থ

পুঁজিবাজারে পাঁচটি খেলাপি ব্রোকারেজ হাউজের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বিনিয়োগকারী সুরক্ষা তহবিল (আইপিএফ) থেকে পর্যায়ক্রমে ১৭ হাজার ৩৩২ জন গ্রাহক তাদের আটকে থাকা অর্থ ফেরত পাবেন। এই সংখ্যা পাঁচটি খেলাপি ব্রোকারেজ হাউজের মোট ১৭ হাজার ৯২৫ জন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর প্রায় ৯৭ শতাংশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ডিএসইর মাল্টিপারপাস হলে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। উদ্বোধনী দিনে প্রাথমিকভাবে মশিহর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের হাতে অর্থের চেক তুলে দেওয়া হয়। ডিএসই জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে একজন ক্ষতিগ্রস্ত গ্রাহক সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থ পুরোপুরি ফেরত পাবেন। পরবর্তীতে ধাপে ধাপে পাঁচটি খেলাপি ব্রোকারেজ হাউজের যোগ্য ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের পাওনা পরিশোধ করা হবে।

দীর্ঘদিন ব্রোকারেজ হাউজে অর্থ আটকে থাকায় সংশ্লিষ্ট গ্রাহকদের মধ্যে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছিল। আইপিএফ থেকে অর্থ ছাড়ের এই উদ্যোগের মাধ্যমে তাদের একটি বড় অংশ সরাসরি প্রাপ্তির আওতায় এলো।

পুঁজিবাজারের কোনো ব্রোকারেজ হাউজ গ্রাহকের অর্থ বা শেয়ার হস্তান্তরে ব্যর্থ হলে তাদের রক্ষায় আইপিএফ ব্যবহারের আইনি বিধান রয়েছে। সেই কাঠামোর আওতায় এবার ডিএসইর মাধ্যমে সরাসরি অর্থ পরিশোধের উদ্যোগ নেওয়া হলো। প্রাথমিক ধাপে পাঁচ লাখ টাকা পর্যন্ত সম্পূর্ণ পরিশোধের পর অবশিষ্ট পাওনা অর্থ নিষ্পত্তির বিষয়েও ডিএসই পর্যায়ক্রমে পদক্ষেপ নেবে।

অনুষ্ঠানে বিএসইসির কমিশনার নাফিস আল তারেক, ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং আইপিএফ ফান্ডের চেয়ারম্যান নাসরিন বেগম উপস্থিত ছিলেন।

পাঁচটি প্রতিষ্ঠানের ১৭ হাজার ৩৩২ জন বিনিয়োগকারীকে অর্থ পরিশোধের মধ্য দিয়ে বিনিয়োগকারী সুরক্ষা তহবিলের বাস্তবিক ব্যবহার কার্যকর রূপ পেল।