সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৫:৫০ পিএম
চুয়াডাঙ্গা জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন মেহেদী শাহরিয়ার। সোমবার দুপুরে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছে নিজ দায়িত্বে যোগদান করেন। তিনি চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে এ পদে অধিষ্ঠিত হলেন।
নতুন কর্মস্থলে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছায় অভ্যর্থনা জানানো হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম এবং বিশেষ শাখার ডিআই-১ পরিদর্শক কামরুজ্জামান খানসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে তাকে স্বাগত জানান।
মেহেদী শাহরিয়ার বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২৮তম ব্যাচের পুলিশ ক্যাডারের একজন কর্মকর্তা। ২০১০ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন তিনি। চুয়াডাঙ্গায় যোগদানের পূর্বে তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) সুনামের সাথে দায়িত্ব পালন করছিলেন।
তিনি বিদায়ি পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের স্থলাভিষিক্ত হলেন। মোহাম্মদ রুহুল কবীর খানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে পদায়ন করা হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর নতুন পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার জেলায় সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সর্বস্তরের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। একই সাথে পুলিশ সদস্যদের মধ্যকার পারস্পরিক সমন্বয় জোরদার করে জেলা পুলিশের চলমান সব কার্যক্রমকে আরও জনবান্ধব, সেবামুখী ও গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন