সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ককরোচ জনতা পার্টির নতুন আন্দোলনের ডাক

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৫:২৯ পিএম

ককরোচ জনতা পার্টির নতুন আন্দোলনের ডাক

ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে এবার গণগ্রেফতার কর্মসূচি বা জেল ভরো আন্দোলনের ঘোষণা দিয়েছে দেশটির ব্যাঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি। সোমবার দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে নতুন এই কর্মসূচির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে এই প্রতিবাদ কর্মসূচি শুরুর কথা রয়েছে। এর আগে মুম্বাইয়ের ঐতিহ্যবাহী শিবাজী পার্কে সমাবেশ করার পরিকল্পনা করেছিল দলটি। তবে স্থানীয় পুলিশ প্রশাসন সেই সমাবেশের অনুমতি দেয়নি।

মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শিবাজী পার্ক মূলত খেলাধুলার জন্য নির্ধারিত একটি উন্মুক্ত প্রাঙ্গণ। সেখানে রাজনৈতিক বা বড় ধরনের সমাবেশ আয়োজন করলে মাত্রাতিরিক্ত শব্দদূষণ সৃষ্টির আশঙ্কা রয়েছে। একই সাথে মাঠের সংলগ্ন বড় হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রোগীদের আসা-যাওয়া এবং সাধারণ সেবায় বিঘ্ন ঘটতে পারে বলে যুক্তি দেখিয়েছে পুলিশ। জনস্বার্থ ও রোগীদের সুবিধার কথা বিবেচনা করেই রাজনৈতিক জমায়েতের আবেদন নাকচ করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়।

প্রশাসনের এই সিদ্ধান্তকে সাধারণ মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা বলে আখ্যা দিয়েছেন দলটির শীর্ষ নেতৃত্ব। পুলিশি নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিজিৎ দীপকে। তিনি অভিযোগ করেন, সাধারণ নাগরিক ও রাজনৈতিক কর্মীদের গণতান্ত্রিক প্রতিবাদ জানানোর অধিকার কেড়ে নেওয়ার এমন কৌশল কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

সম্প্রতি ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত নির্বাচন কমিশনের বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। ওই প্রতিবেদনগুলো সামনে আসার পর থেকেই ভারতীয় নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানিয়ে আসছে ককরোচ জনতা পার্টি। পূর্বনির্ধারিত সমাবেশ আটকে যাওয়ার পর এবার গণগ্রেফতারের পথ বেছে নিয়ে আন্দোলনের চাপ বাড়াতে চাইছে দলটি।