সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

রাজবাড়ীতে ট্রেনের নিচে কাটা পড়ে কৃষকের মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৪:৪৪ পিএম

রাজবাড়ীতে ট্রেনের নিচে কাটা পড়ে কৃষকের মৃত্যু

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে নুর ইসলাম নামের ৫৫ বছর বয়সী এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ভাঙ্গা থেকে রাজবাড়ীগামী কমিউটার ট্রেনের নিচে এই দুর্ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত সলেমান শেখের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের জেরে রোববার রাতে নুর ইসলাম নিজ বাড়ি থেকে বের হয়ে বসন্তপুর রেলস্টেশন এলাকায় যান। রাত ১১টার দিকে ভাঙ্গা থেকে ছেড়ে আসা রাজবাড়ী কমিউটার ট্রেনটি স্টেশন সংলগ্ন এলাকা অতিক্রম করার সময় তিনি ট্রেনের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর আশপাশের লোকজন রেলওয়ে পুলিশকে খবর দেন।

রাজবাড়ী রেলওয়ে থানার উপপরিদর্শক প্রকাশ কুমার সরকার সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত সম্পন্ন করার জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে রেলওয়ে পুলিশ জানিয়েছে।