সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,
সেনাবাহিনীর আধুনিকায়ন

সেনাপ্রধান আধুনিক প্রশিক্ষণে চ্যালেঞ্জ মোকাবিলার নির্দেশ দিলেন

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৬:০১ পিএম

সেনাপ্রধান আধুনিক প্রশিক্ষণে চ্যালেঞ্জ মোকাবিলার নির্দেশ দিলেন

আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকার জন্য সেনা সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসস্থ ইএমই সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (ইএমই) কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ষষ্ঠ কোর পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা প্রদান করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এ গুরুত্বপূর্ণ সামরিক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উপস্থিত ইএমই কোরের ইউনিটগুলোর অধিনায়ক এবং কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সেনাপ্রধান। বক্তব্যের শুরুতেই তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ইএমই কোরের বীর সেনানীসহ সব বীর মুক্তিযোদ্ধাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একই সঙ্গে যুদ্ধ ও শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর বিভিন্ন ধরনের অস্ত্র, সামরিক যানবাহন ও কারিগরি যন্ত্রপাতির মেরামত এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে এই কোরের গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ভূয়সী প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে ইএমই কোরের চলমান কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং কারিগরি দক্ষতা বৃদ্ধির নানা বিষয়ে উপস্থিত সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সেনাপ্রধান।

এদিকে ষষ্ঠ কোর পুনর্মিলনী উপলক্ষে ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক মনোমুগ্ধকর কুচকাওয়াজ পরিদর্শন করেন সেনাপ্রধান এবং সেখানে কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখেন। তিনি উল্লেখ করেন, এ ধরনের পুনর্মিলনী কোরের সকল স্তরের সদস্যদের মধ্যে পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত মমত্ববোধ সুদৃঢ় করতে কার্যকর ভূমিকা পালন করে। একই সাথে তিনি আগামী দিনে দেশ ও জাতির সার্বিক নিরাপত্তায় নিজেদের উৎসর্গ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইএমই কোরের কর্নেল কমান্ড্যান্ট ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) চেয়ারম্যান, সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স, ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, অ্যাডজুটেন্ট জেনারেল, ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া। এছাড়া সেনাসদর ও রংপুর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, ইএমই কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়কগণ এবং অবসরপ্রাপ্ত সামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।