সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৫:৫৪ পিএম
রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার বিকেলে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি সরেজমিন পরিদর্শন শেষে এই সহায়তার কথা জানান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও দলটির আমীর ডা. শফিকুর রহমান। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি বলেন, প্রাথমিকভাবে ঘোষিত এই সহায়তা অব্যাহত থাকবে। এটি কার্যক্রমের শুরু মাত্র এবং এখানেই শেষ নয়। এলাকার সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভবিষ্যতে আরও কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হলে তা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তিনি দাবি করেন, ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রত্যক্ষ বা পরোক্ষ আশ্রয়-প্রশ্রয় ছাড়া একটি সেবামূলক চিকিৎসাকেন্দ্রে এত বড় ধরনের অপকর্ম সংঘটিত করার সাহস কারো হতে পারে না। রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে এই ঘটনায় জড়িত প্রত্যেক অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
সারাদেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে কথা বলেন জামায়াত আমীর। তিনি বলেন, দেশের কোনো স্থানে যেন আর কোনো দুর্বৃত্ত গোষ্ঠী অসামাজিক বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর সুযোগ না পায়, সেজন্য সরকারকে অবিলম্বে কঠোর কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। সারা দেশে মব সন্ত্রাসের পেছনে সরকারি দলের সমর্থন রয়েছে বলেও তিনি অভিযোগ করেন। একই সাথে তিনি রাড্ডার স্বাস্থ্যকেন্দ্রে সংঘটিত ঘটনায় দায়ীদের বিরুদ্ধে নিরপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম পুনরায় দ্রুত চালু করার জোর দাবি জানান।
পরিদর্শনকালে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার উপস্থিত ছিলেন। এছাড়া মহানগরীর কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীন, শাহ আলম তুহিন, ডা. মঈনুদ্দিন, জি এম হাফিজুর রহমান ও মনিরুল ইসলাম মৃধাসহ দলটির অন্যান্য নেতারা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন