সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৬:৩১ পিএম
সাংবাদিকদের সুনির্দিষ্ট সংজ্ঞা নির্ধারণ, কল্যাণ সাধন এবং ওয়েজবোর্ড বাস্তবায়নসহ পেশাগত সার্বিক অধিকার সুরক্ষায় সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি উল্লেখ করেছেন, প্রকৃত গণমাধ্যমকর্মীরা যাতে নিজেদের ন্যায্য অধিকার থেকে কোনোভাবেই বঞ্চিত না হন এবং অপেশাদার কেউ যেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা নিতে না পারেন, সে জন্য সাংবাদিক ও গণমাধ্যমের সুস্পষ্ট সংজ্ঞা থাকা অত্যন্ত জরুরি।
সোমবার সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬ শীর্ষক অংশীজনদের কনসালটেশন সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আগের সভার মতামতের আলোকে একটি বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। সাংবাদিকদের ওয়েজবোর্ড, পেশাগত নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং পেশাজীবী সংগঠনগুলোর সাথে আলোচনা করে একটি সর্বজনগ্রাহ্য নীতিমালার কাঠামো প্রণয়নের ওপর গুরুত্ব দেন তথ্য প্রতিমন্ত্রী।
তিনি জোর দিয়ে বলেন, গণমাধ্যমকর্মীদের অধিকার সুরক্ষার পাশাপাশি কল্যাণ ট্রাস্টের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা যেন কেবল প্রকৃত পেশাদারদের হাতেই পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কারা সাংবাদিক হিসেবে গণ্য হবেন এবং কারা এই তালিকার বাইরে থাকবেন, সেই সীমারেখা অত্যন্ত পরিষ্কার থাকা প্রয়োজন।
পেশাগত স্বীকৃতির স্বার্থে তিনি একটি সুস্পষ্ট ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার প্রস্তাব দেন। আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের আদলে সাংবাদিকদের জন্য অনুরূপ কোনো নিয়ন্ত্রক বা পেশাগত স্বীকৃতি ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব কি না, সে বিষয়ে সাংবাদিক সংগঠনগুলোর কাছ থেকে সুনির্দিষ্ট ও কার্যকর প্রস্তাবনা আহ্বান করেন প্রতিমন্ত্রী। পরামর্শমূলক এই সভায় অংশ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এ ছাড়া গণমাধ্যম ব্যক্তিত্ব ও সম্পাদকদের মধ্যে বক্তব্য দেন আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন, একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুস সালাম, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা আকমল, ডা. শাখাওয়াত হোসেন সায়ন্ত, ইআরএফের সাবেক সভাপতি শারমিন রিনভী, দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, দৈনিক প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, ইউএনবির ডেপুটি এডিটর মাসউদ-উল-হক, দৈনিক আমার দেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জাহিদ চৌধুরী এবং দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।
আলোচনা অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞাসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন