অক্টোবর ৪, ২০২৬, ০৬:৪৮ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দুই দেশের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক দিক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
এই সম্পর্ককে বহুমাত্রিক করার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, অভিবাসন এবং মানবসম্পদ উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে জোর দেন তারা। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।
ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি আরও বাড়ানোর সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন প্রতিনিধিরা। পারস্পরিক স্বার্থে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তারা। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন