সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬,
জলবায়ু সংকট

জলবায়ু সংকট মোকাবিলায় জোরালো ভূমিকার আহ্বান

জাতীয় ডেস্ক

অক্টোবর ৪, ২০২৬, ০৬:৪৩ পিএম

জলবায়ু সংকট মোকাবিলায় জোরালো ভূমিকার আহ্বান

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও এর ফলে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সুরক্ষায় নীতি নির্ধারণে আরও জোরালো ভূমিকা রাখার তাগিদ দিয়েছে সংসদীয় ককাস। রোববার জাতীয় সংসদ ভবনে জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের প্রথম বৈঠকে এই তাগিদ দেওয়া হয়।

কমিটির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। বাস্তুচ্যুতি রোধে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে একটি শক্তিশালী সমন্বয় কমিটি গঠনের আনুষ্ঠানিক পরামর্শ দিয়েছেন ককাসের সদস্যরা। উদ্ভূত সমস্যাগুলো মোকাবিলায় সংসদ সদস্যরা নিজেদের সক্রিয় অংশগ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ লক্ষ্যে ছয়টি মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের পরবর্তী বৈঠকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। এগুলো হলো— পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আসন্ন একটি কর্মশালায় ককাসের সংসদ সদস্যদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে বলে বৈঠকে নিশ্চিত করা হয়।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু পরিবর্তন এবং বাস্তুচ্যুতি বিষয়ক বিভিন্ন সম্মেলন ও নীতি-নির্ধারণী প্রোগ্রামে সংসদীয় ককাসের সদস্যদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে পরবর্তী করণীয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে অংশ নেন ককাসের সদস্য মো. আমিরুল ইসলাম খান, মো. রাশেদুল ইসলাম রাশেদ, মো. আনোয়ারুল হক, রুমিন ফারহানা ও মারজিয়া বেগম।