রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

ফুলব্রাইট বৃত্তি বাড়াতে মার্কিন দূতাবাসের সাথে বৈঠক

জাতীয় ডেস্ক

অক্টোবর ৪, ২০২৬, ০৭:০২ পিএম

ফুলব্রাইট বৃত্তি বাড়াতে মার্কিন দূতাবাসের সাথে বৈঠক

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ ফুলব্রাইট বৃত্তির সংখ্যা বাড়ানো এবং শিক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের শীর্ষ কর্মকর্তাদের সাথে উচ্চপর্যায়ের এক বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন। রোববার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক গিলানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সরাসরি অংশগ্রহণ করে।

প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি অফিসার স্কট হার্টম্যান এবং সিতারাম সিরিন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চশিক্ষা খাতের দ্বিপাক্ষিক অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার নানাদিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এই আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রতিবছর ফুলব্রাইট বৃত্তির সুযোগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা। একই সঙ্গে দেশের বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রে বিশেষ বৃত্তির সুযোগ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সাথে আলোচনায় স্থান পায়।

দ্বিপাক্ষিক আলোচনায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির একাধিক ক্ষেত্র চিহ্নিত করা হয়। এতে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম জোরদার, শিক্ষার্থী ও শিক্ষকদের পারস্পরিক এক্সচেঞ্জ প্রোগ্রাম সম্প্রসারণ এবং বাংলাদেশে ভাষা শিক্ষার বিস্তার ও ভাষাগত দক্ষতা উন্নয়নে যুক্তরাষ্ট্র কীভাবে কার্যকর ভূমিকা পালন করতে পারে, তা নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন। বিশেষ করে শিক্ষার্থীদের এমন সব প্রায়োগিক ও আধুনিক গবেষণার ক্ষেত্রে ফুলব্রাইট বৃত্তি প্রদানের ওপর জোর দেওয়া হয়, যার মাধ্যমে অর্জিত জ্ঞান স্বাস্থ্য, কৃষি, টেকসই নগরায়ণ, শিল্প উৎপাদন, সাধারণ শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তিসহ স্থানীয় জনজীবনের বিভিন্ন সমস্যা সমাধানে সরাসরি অবদান রাখতে সক্ষম হয়।

উভয় পক্ষ সার্বিক শিক্ষা খাতের কাঠামোগত মানোন্নয়ন, আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক যোগাযোগ স্থাপন এবং যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও অ্যালামনাইদের দেশের সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডে আরও গভীরভাবে সম্পৃক্ত করার কৌশল নিয়ে আলোচনা করেন।