রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,
সংবিধান সংশোধন

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত

জাতীয় ডেস্ক

অক্টোবর ৪, ২০২৬, ০৭:০০ পিএম

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে এই বৈঠক হয়।

বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা শ্রমজীবী মানুষ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নিয়েছেন। তারা সংবিধান সংশোধন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে নিজেদের প্রস্তাব কমিটির কাছে তুলে ধরেন। এ সময় আলোচনার বাইরে কারও কোনো প্রস্তাব থাকলে সেটি লিখিত আকারে পাঠানোর অনুরোধ জানানো হয়। বৈঠকে আশ্বাস দেওয়া হয় যে, উত্থাপিত ও লিখিত আকারে পাঠানো সব প্রস্তাব কমিটির প্রস্তুতকৃত প্রতিবেদনে উল্লেখ থাকবে। কমিটির সদস্য হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।

এছাড়া কমিটির সদস্য সাকিলা ফারজানা ও মো. মাহমুদুল হক রুবেল উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রণে যোগ দেন সংসদ সদস্য দীপেন দেওয়ান, আন্না মিনজ এবং মাধবী মারমা। সংবিধান সংশোধন বিষয়ে আলোচনার পরিধি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এই কমিটি।

পরবর্তী বৈঠকগুলোতে পর্যায়ক্রমে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নারীনেত্রী, সংবিধান বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদদের আমন্ত্রণ জানানো হবে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই জাতীয় সনদ প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও সংগঠন, সুপ্রিম কোর্টের বিচারক, আইনজীবী, শিক্ষক এবং শ্রমজীবী মানুষের প্রতিনিধিদেরও ডাকা হবে। বৈঠকে আইন মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।