অক্টোবর ৪, ২০২৬, ০৬:৫৪ পিএম
পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’-এর সাম্প্রতিক পর্বে অভিনেত্রী দুরেফিশান সেলিমের ব্রাইডাল সাজ নিয়ে নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তার এই চমৎকার নিকাহর সাজ কেড়েছে লাখো ভক্তের নজর।
শেহরিয়ার মুনাওয়ার অভিনীত আবু বকর ও দুরেফিশান সেলিম অভিনীত জারিয়াবের বহুল প্রতীক্ষিত নিকাহর পর্বটি সম্প্রতি প্রচারিত হয়। এর আগে দর্শকদের মনে প্রশ্ন ছিল, জামিলের চরিত্রে থাকা নামির খান আদৌ রাত সাড়ে চারটার মধ্যে পৌঁছে নিকাহ ঠেকাতে পারবেন কি না। শেষ পর্যন্ত সব অপেক্ষার অবসান ঘটিয়ে আবু বকর ও জারিয়াবের নিকাহ সম্পন্ন হয়।
গল্পের এই মোড়ের পরই আলোচনায় আসে জারিয়াবের চমৎকার সাজ। নিকাহর দৃশ্যে দুরেফিশানকে একটি আইভরি রঙের পিশওয়াজ ও চুড়িদারে দেখা গেছে। এর সঙ্গে ছিল সোনালি ও আইভরি রঙের দৃষ্টিনন্দন চাদর। পুরো সাজে ভারী অলংকারের বদলে ঐতিহ্যবাহী নকশা ও সাধারণ ব্রাইডাল স্টাইল প্রাধান্য পেয়েছে।
চমৎকার এই আইভরি পিশওয়াজটি তৈরি করেছেন ডিজাইনার রিজওয়ান আহমেদ। এতে থাকা সোনালি প্যাচের কাজ সাদামাটা সাজেও আলাদা আভা যোগ করেছে। জানা গেছে, পোশাকটির মূল্য ৮৫ হাজার পাকিস্তানি রুপিরও বেশি।সঙ্গে থাকা চাদরটি নেওয়া হয়েছে লাজ বাই লাজওয়ান্তি থেকে।
এই একই চাদর গত বছর জানুয়ারিতে অভিনেত্রী হানিয়া আমিরের গায়েও দেখা গিয়েছিল। উমেরা আহমেদের লেখায় নির্মিত নাটকটি গত ১ আগস্ট থেকে এআরওয়াই ডিজিটালে প্রচার শুরু হয়। প্রতি শুক্রবার ও শনিবার রাত আটটায় নতুন পর্ব প্রচারিত হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন