রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,
রাজনৈতিক সদিচ্ছা

হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা জরুরি: শামা

জাতীয় ডেস্ক

অক্টোবর ৪, ২০২৬, ০৫:৫৮ পিএম

হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা জরুরি: শামা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তাঁর মন্তব্যের পরিপ্রেক্ষিতেই প্রতিমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন এক সাংবাদিক। জবাবে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়ার বিষয় তো রয়েছেই, তবে এর পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছাও থাকতে হবে। আসামিদের ফেরত আনার জন্য যে প্রত্যর্পণ প্রক্রিয়া চলছে, তা যেন আরও দ্রুত সম্পন্ন হয় ভারত সরকার সেদিকে নজর দেবে বলে আশা করে ঢাকা। তিনি জানান, প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতেই আসামিদের ফেরত আনা সম্ভব এবং সেই প্রক্রিয়াই এগিয়ে নেওয়া হচ্ছে।

এদিকে, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনও সরাসরি নাকচ করেন শামা ওবায়েদ। গুঞ্জন ছিল—প্রধানমন্ত্রী স্যান ফ্রান্সিসকো যাওয়ার পরিকল্পনা করলেও এফবিআইয়ের মামলা বা ভিসা জটিলতার কারণে যেতে পারেননি। এই বিষয়ে তিনি বলেন, গুঞ্জনে কান দেওয়া ঠিক নয়, গণমাধ্যমের প্রতিনিধিরা সত্য যাচাই করে খবর প্রকাশ করবেন এটাই প্রত্যাশা।

গত ছয় মাসে প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যস্ত সময় পার করেছেন। চীন ও মালয়েশিয়া সফরের পাশাপাশি জাতিসংঘ সফরও তিনি সংক্ষিপ্ত ও প্রয়োজনীয়ভাবে সম্পন্ন করেছেন। প্রয়োজনীয় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক শেষেই তিনি দেশে ফিরেছেন। শামা ওবায়েদ জানান, স্যান ফ্রান্সিসকোতে প্রধানমন্ত্রীর যাওয়ার কোনো পরিকল্পনাই ছিল না। বরং সেখানে আইসিটি উপদেষ্টা, শিক্ষা প্রতিমন্ত্রী, অর্থ উপদেষ্টা ও তাকে নিয়ে একটি প্রতিনিধিদল পাঠানোর কথা ছিল।

যুক্তরাষ্ট্র সফরে ইউসি বার্কলে ও অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক হলে শিক্ষা ও প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। হাইটেক কোম্পানিগুলো বিনিয়োগ বা যৌথ উদ্যোগে এলে এর সুফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রীর আগামী তুরস্ক সফর রয়েছে। তবে কখন ও কোথায় এই সফর হবে, তা আনুষ্ঠানিকভাবে জানাবে পররাষ্ট্র মন্ত্রণালয়।