শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে ৫ ম্যাচে ১৪৬ গোল হজম করল বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৩, ২০২৬, ০৭:৪৬ পিএম

অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে ৫ ম্যাচে ১৪৬ গোল হজম করল বাংলাদেশ

চীনে চলমান আইএসইএফ অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে চরম বিপর্যয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্টের গ্রুপ পর্বের তিন ম্যাচে ৯৫টি এবং স্থান নির্ধারণী পর্ব মিলিয়ে মোট পাঁচটি ম্যাচে অবিশ্বাস্য ১৪৬টি গোল হজম করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের জালে একটি গোলও দিতে পারেনি দলটি।

‍‍`সি‍‍` গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে গত ১৯ অক্টোবর সুচৌ তাইহু এফসি স্টেডিয়ামের ৭ নম্বর মাঠে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হয় বাংলাদেশ। সেই ম্যাচে প্রতিপক্ষের কাছে ২৭-০ গোলের বিশাল ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করে তারা।

পরদিন দ্বিতীয় ম্যাচে জার্মানির কাছে ৩৫-০ গোলে উড়ে যায় দল।

এরপর ২১ অক্টোবর সুচৌ এক্সপেরিমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিটি মাঠে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে মরক্কোর মুখোমুখি হয় বাংলাদেশ। সেখানেও পারফরম্যান্সে কোনো উন্নতি দেখা যায়নি; মরক্কোর কাছে ৩৩-০ ব্যবধানে পরাজিত হয়ে মাঠ ছাড়ে তরুণ ফুটবলাররা।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দলের শেষ ষোলোতে খেলার সুযোগ থাকলেও তিন ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকেই গ্রুপ পর্ব শেষ করে বাংলাদেশ।

গ্রুপ পর্বের এই হতাশাজনক ফলাফলের পর স্থান নির্ধারণী ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। সেখানেও প্রতিপক্ষের গোলবন্যায় বিধ্বস্ত হতে হয়। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে ৪০-০ ব্যবধানে এবং হাইতির কাছে ১১-০ গোলের বড় ব্যবধানে হারে অনূর্ধ্ব-১৮ দলটি।

সব মিলিয়ে টুর্নামেন্টে নিজেদের খেলা পাঁচটি ম্যাচে কোনো গোল না দিয়ে মোট ১৪৬টি গোল হজম করে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশকে।