অক্টোবর ২৭, ২০২৬, ১১:২৩ এএম
জানাজা পড়া ও লাশ দাফন করার অধিকার যেকোনো মানুষের ন্যূনতম মানবিক ও ধর্মীয় অধিকার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে অতীতের ফ্যাসিবাদী আচরণের পুনরাবৃত্তি কোনোভাবেই কাম্য নয়।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা তুলে ধরেন।
ফ্যাসিবাদের বিপরীতে দাঁড়িয়ে রাজনৈতিক প্রতিপক্ষের প্রতিও ন্যায়সংগত আচরণ করতে হবে।
নাহিদ ইসলাম উল্লেখ করেন, অতীত শাসনামলে আওয়ামী লীগ ন্যূনতম এই অধিকারটুকুও কেড়ে নিয়েছিল। তখন শহীদ মিনারে লেখক পিয়াস করিম ও কবি আল মাহমুদের মরদেহ আনতে দেওয়া হয়নি, সাধারণ মানুষকে শ্রদ্ধা জানানোর সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছিল। একই সাথে বিরোধী দলের অনেক নেতার জানাজা রাজধানীতে করতে দেওয়া হয়নি।
তবে পটপরিবর্তনের পর বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর ঢাকায় রক্ষীবাহিনীর নেতা তোফায়েল আহমেদের জানাজা হয়েছে। তার নিজের এলাকায় সাবেক সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং সংসদীয় রীতি মেনে শোকও প্রকাশ করা হয়েছে। তার স্পষ্ট বক্তব্য, শত্রুর সাথেও আমাদের ইনসাফ করা শিখতে হবে এবং সেই কারণেই বিরোধীদের মানবাধিকারের পক্ষে তারা কথা বলেছেন ও ভবিষ্যতেও বলবেন।
সমসাময়িক মানবাধিকার কর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, অনেকে এখন মানবাধিকারের কথা বলছেন, যা ভালো; কিন্তু বিগত ১৬ বছর অনেকেই নিশ্চুপ ছিলেন। দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর দেশজুড়ে যে হত্যাকাণ্ড চলেছিল, তখন রাজধানীর অনেক মানবাধিকার কর্মী নীরব ভূমিকা পালন করেছিলেন। প্রকৃত মানবাধিকার নিশ্চিত করতে হলে সেসব হত্যাকাণ্ডেরও বিচার হতে হবে।
বিগত দিনগুলোতে লাশের ওপর নৃত্য-উল্লাস, কবর ভাঙচুর এবং জানাজা পড়তে না দেওয়াকে স্বাভাবিকতায় রূপ দেওয়ার চিত্র মানুষ দেখেছে বলে মন্তব্য করেন নাহিদ। তিনি আরও যোগ করেন, এখনো শহীদ ওসমান হাদীর কবর উৎখাত করার ক্ষেত্র তৈরি করা হচ্ছে।
এত কিছুর পরও ফ্যাসিস্টদের অনুসৃত পথ কোনো সমাধান হতে পারে না বলে অভিমত দেন তিনি। ফ্যাসিবাদের বিপরীতে প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে তিনি পিরোজপুরে সম্প্রতি এক ব্যক্তির লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানান। রাষ্ট্রের সকল নাগরিকের মানবিক মর্যাদা ও অধিকারের পক্ষে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এই নেতা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন