বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬,

চিরিরবন্দরে সমাজ সংস্কারে দায়িত্বশীলদের এগিয়ে আসার আহ্বান হুইপ আখতারুজ্জামানের

এনামুল মবিন(সবুজ)

অক্টোবর ২৭, ২০২৬, ১০:৫৭ পিএম

চিরিরবন্দরে সমাজ সংস্কারে দায়িত্বশীলদের এগিয়ে আসার আহ্বান হুইপ আখতারুজ্জামানের

ছবি: দিনাজপুর টিভি

মাদক, চুরি, ছিনতাই, আত্মহত্যা, বাল্যবিয়ে এবং মুঠোফোনের অপব্যবহারের মতো সামাজিক অবক্ষয় ঠেকাতে সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া।

মঙ্গলবার সকালে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সদস্য বলেন, সমাজের সামগ্রিক নৈতিক ভিত এখন নড়বড়ে হয়ে পড়েছে। এসব সামাজিক সংকট দূর করতে কোনো একক উদ্যোগ যথেষ্ট নয়, বরং সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন।

তিনি জোর দিয়ে উল্লেখ করেন, সমাজ সংস্কারের এই প্রক্রিয়ায় সমাজের সর্বস্তরের দায়িত্বশীল ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম এবং মন্দিরের পুরোহিতদের অগ্রণী ভূমিকা নিতে হবে। সবার ঐক্যবদ্ধ প্রয়াস ছাড়া সামাজিক অবক্ষয় ও অপরাধপ্রবণতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করা সম্ভব নয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ এবং চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী।

এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, বীর মুক্তিযোদ্ধা, মসজিদের ইমাম, বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।