জাহিদ হাসান
অক্টোবর ২৭, ২০২৬, ০৯:৪৮ এএম
ছবি: দিনাজপুর টিভি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দামাইক্ষেত্র ব্রাহ্মণপাড়ায় উৎসবমুখর পরিবেশে সার্বজনীন লক্ষ্মীপূজা ও নৃত্য প্রতিযোগিতার দুই দিনব্যাপী আয়োজন শেষ হয়েছে। পূজা-অর্চনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এই সমাপনী অনুষ্ঠিত হয়।
সোমবার (২৬ অক্টোবর) রাত ১১টায় সার্বজনীন লক্ষ্মীপূজা কমিটি আয়োজিত এই সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম রিজু।
ধর্ম যার যার, রাষ্ট্র সবার।
প্রধান অতিথির বক্তব্যে রেজওয়ানুল ইসলাম রিজু বলেন, এই চেতনা ধারণ করেই সবাইকে একটি সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে। বিএনপি সর্বদা ধর্মীয় স্বাধীনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গুরুত্ব দেয়। দেশের প্রতিটি ধর্মের নাগরিক যেন স্বাধীনভাবে নিজ নিজ আচার-অনুষ্ঠান পালন করতে পারেন এবং ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করেন, সেটিই সবার প্রত্যাশা।
দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসবে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আনন্দকে সামাজিক সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন হিসেবে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, ধর্মীয় পরিচয় যা-ই হোক না কেন, সবাই একই সমাজের অবিচ্ছেদ্য অংশ। বিভেদ ভুলে ঐক্য এবং বিদ্বেষের বদলে ভালোবাসা নিয়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। শান্তিপূর্ণ, মানবিক ও সম্প্রীতিময় দেশ গড়তে সব ধর্মের মানুষের সম্মিলিত প্রয়াসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান আনিস। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ।
সমাপনী রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পূজা উদ্যাপন কমিটির কর্মকর্তা, ভক্ত-অনুরাগী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ মণ্ডপ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।