অক্টোবর ২৭, ২০২৬, ১০:৩৩ এএম
কক্সবাজারের টেকনাফে ২০১৮ সালে কথিত বন্দুকযুদ্ধের নামে পৌর কাউন্সিলর একরামুল হককে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে আজ। এই মামলায় ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মঙ্গলবার এই শুনানির কার্যসূচি রয়েছে। ট্রাইব্যুনালের অপর দুই বিচারক হলেন মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবির।
আইনজীবীদের উপস্থিতিতে এই বিচারিক প্রক্রিয়ার দিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা।
মামলায় অভিযুক্ত ১১ আসামির মধ্যে চারজন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য বদিউর রহমান বদি, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম এবং অবসরপ্রাপ্ত কর্নেল আনোয়ার লতিফ খান তুষার।
অন্যদিকে মূল অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট সাতজন আসামি এখনো পলাতক। পলাতক অপর আসামিরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর রুহুল আমিন, লেফটেন্যান্ট কমান্ডার আশিকুর রহমান এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা স্কোয়াড্রন লিডার নাজমুস মাহমুদ।
এর আগে গত ২৬ জুলাই প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। ওই দিনই পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পাশাপাশি গ্রেপ্তার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল।
মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ২৬ মে রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজারের টেকনাফের কিরণতলী এলাকার হোটেল নেটংয়ের সামনের সড়ক থেকে একরামুল হককে তুলে নেওয়া হয়। পরে রাত ১১টা থেকে ১২টার মধ্যে টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়াপাড়ায় মেরিন ড্রাইভ সড়কের সাগরতীরে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে তাকে গুলি করে হত্যা করা হয়।
নিহত একরামুল হক টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর এবং উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে বেআইনিভাবে আটক, অপহরণ, কথিত বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে গুলি করে হত্যা, অপরাধ সংঘটনে সরাসরি সম্পৃক্ততা, প্ররোচনা, অপরাধমূলক সহায়তা এবং হত্যাকাণ্ডের সরাসরি নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন