অক্টোবর ২৭, ২০২৬, ০৩:৫৫ পিএম
দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকেই মেলা প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেন চাকরিপ্রত্যাশীরা। মেলা প্রাঙ্গণে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
দিনাজপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ-তরুণীদের পদচারণায় সকালের মধ্যেই কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। মেলায় অংশ নিয়েছে দেশের শতাধিক শীর্ষস্থানীয় ও সুনামধন্য প্রতিষ্ঠান। চাকরিপ্রত্যাশীদের সরাসরি কাজের সুযোগ তৈরির লক্ষ্যে মেলাজুড়ে স্থাপন করা হয়েছে বিভিন্ন করপোরেট স্টল।
আয়োজক সূত্রে জানা গেছে, এই জব ফেয়ার উপলক্ষে প্রায় ২৫ হাজার চাকরিপ্রার্থী অনলাইনে তাদের নিবন্ধন সম্পন্ন করেছেন।
মেলায় শুধু আবেদনপত্র জমাই নয়, যোগ্য প্রার্থীদের জন্য রাখা হয়েছে সরাসরি সাক্ষাৎকার বা স্পট ইন্টারভিউ এবং তাৎক্ষণিক প্রাথমিক বাছাই প্রক্রিয়ার বিশেষ ব্যবস্থা। এর মাধ্যমে দেশের বিভিন্ন জেলা থেকে আসা চাকরিপ্রার্থীরা সরাসরি নিয়োগকারী কর্তৃপক্ষের মুখোমুখি হওয়ার সুযোগ পাচ্ছেন।
রাজধানী ঢাকার বাইরে কোনো জেলার উপজেলা পর্যায়ে এমন বৃহৎ পরিসরে চাকরি মেলার আয়োজন এই প্রথম।
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. জেড. এম. জাহিদ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা এবং বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিম খাতুনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন