সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,
সড়ক দুর্ঘটনা

হিলিতে ভটভটি ও অটোর মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন গুরুতর আহত

কুদ্দুস আলী খান

অক্টোবর ১২, ২০২৬, ০৬:১৭ পিএম

হিলিতে ভটভটি ও অটোর মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন গুরুতর আহত

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের হিলিতে ভটভটি ও চার্জারচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ চারজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) বেলা ১২টায় হাকিমপুর উপজেলার ধরন্দা ফকিরপাড়া জামে মসজিদের সামনে হিলি-বিরামপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদশা আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত ব্যক্তিরা হলেন হাকিমপুর উপজেলার বোয়ালদাড় এলাকার মৃত হাফিজারের ছেলে অটোরিকশাচালক শামসুদ্দিন (৬০), নবাবগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের মোখলেছার রহমান (৪৮) ও তাঁর স্ত্রী রেহেনা বেগম (৩৮) এবং বিরামপুরের বাসিন্দা আব্দুল আজিজ (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, হিলি বাজার থেকে যাত্রী নিয়ে চার্জার অটোরিকশাটি ডাঙ্গাপাড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ফকিরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক বিরামপুর থেকে আসা একটি দ্রুতগতির ভটভটি অটোরিকশাটিকে সরাসরি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজন রক্তাক্ত জখম হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সাদ বিন রফিক তোহা বলেন, সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত চারজনকে জরুরি বিভাগে আনা হয়েছিল। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদশা আলম জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেছে। ভটভটিটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হলেও এর চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।