অক্টোবর ৮, ২০২৬, ০৬:২৭ পিএম
হিলি বাজারে গ্যাসের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ফায়ার সার্ভিসের লাইসেন্স না থাকার অপরাধে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহাদী ইমাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাজারে অভিযান চলাকালে মেসার্স জাহিদ ট্রেডার্স এবং জোয়ার্দ্দার ট্রেডার্স নামের দুটি দোকানে সরকারিভাবে নির্ধারিত সিলিন্ডারের মূল্য তালিকা টাঙানো ছিল না। একই সাথে প্রতিষ্ঠান দুটির ফায়ার সার্ভিসের বৈধ কোনো লাইসেন্সও পাওয়া যায়নি। এ অপরাধে ওই দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।
হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহাদী ইমাম জানান, জেলা প্রশাসকের কঠোর নির্দেশনায় সরকারিভাবে এলপিজি গ্যাসের প্রতি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্ধারিত এই দরের চেয়ে কোনো ব্যবসায়ী যেন সাধারণ ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করতে না পারেন, তা তদারকি করতেই বাজারে এ অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের সতর্ক করতে এই জরিমানা করা হয়েছে এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে বাজারে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন