বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

নবাবগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি গ্রাম পুলিশদের সতর্ক থাকার কড়া নির্দেশ

অলিউর রহমান মিরাজ

অক্টোবর ৮, ২০২৬, ০৫:২৫ পিএম

নবাবগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি গ্রাম পুলিশদের সতর্ক থাকার কড়া নির্দেশ

ছবি: দিনাজপুর টিভি

নবাবগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি ঘিরে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে উপজেলার সব গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সভায় এ দিকনির্দেশনা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার সভায় উপস্থিত থেকে উপজেলার সকল ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা দেন।

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে মাঠপর্যায়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন ইউএনও। একই সঙ্গে এলাকায় সন্দেহজনক কোনো ব্যক্তি বা অস্বাভাবিক ঘটনা নজরে এলে তাৎক্ষণিকভাবে থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে অবহিত করার তাগিদ দেওয়া হয়।

ইউএনও বিধান কান্তি হালদার বলেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি গ্রাম পুলিশদেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিটি সদস্যকে সজাগ, আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

আয়োজিত এ সমন্বয় সভায় উপজেলার নয়টি ইউনিয়নের সকল গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।