বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,
রেলস্টেশনে পর্যটকের মালামাল চুরি

জার্মান পর্যটকের মালামাল চুরি নাটোর স্টেশনের সিসিটিভি দেখে শনাক্ত এক যুবক

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৮, ২০২৬, ০৭:১২ পিএম

জার্মান পর্যটকের মালামাল চুরি নাটোর স্টেশনের সিসিটিভি দেখে শনাক্ত এক যুবক

ছবি: সংগৃহীত

জার্মান পর্যটকের মালামাল চুরির ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো খোয়া যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাটোর রেলস্টেশনে এই চুরির শিকার হন জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডার উইবার। তবে স্টেশনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চুরির ঘটনায় সরাসরি জড়িত এক ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ।

শনাক্ত হওয়া ওই ব্যক্তিকে গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। চুরি যাওয়া মূল্যবান মালামাল উদ্ধারে বর্তমানে যৌথভাবে কাজ করছে রেলওয়ে পুলিশ (জিআরপি), এসআরবি এবং নাটোর জেলা পুলিশ। বর্তমানে ওই জার্মান পর্যটক রাজশাহীতে জিআরপি পুলিশের হেফাজতে নিরাপদে রয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম।

তিনি জানান, সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা গেছে এবং প্রযুক্তির সহায়তায় তাকে আটকের সর্বাত্মক চেষ্টা চলছে। দ্রুততম সময়ের মধ্যে খোয়া যাওয়া মালামাল উদ্ধার সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন এই পুলিশ কর্মকর্তা।

নাটোর রেলওয়ের নিরাপত্তা প্রহরী সেলিম হোসেন ঘটনার বিবরণ দিয়ে জানান, গত বুধবার বিকেল ৩টার দিকে বগুড়া থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনে করে নাটোর রেলস্টেশনে নামেন পর্যটক ক্রিল ল্যান্ডার উইবার। এ সময় একটি বিশেষ পোশাক বা ভেস্ট পরা এক তরুণ তার সঙ্গেই ছিলেন।

পরবর্তীতে ক্রিল স্টেশনের ভিআইপি বিশ্রামাগারে ওই তরুণের জিম্মায় নিজের ব্যাগ রেখে এটিএম বুথ থেকে টাকা তুলতে যান। কিন্তু টাকা তুলে ফিরে এসে তিনি ব্যাগসহ ওই যুবককে আর দেখতে পাননি।

ঘটনার পরপরই জার্মান নাগরিক নাটোর সদর থানায় গিয়ে পুরো ঘটনা মৌখিকভাবে জানান এবং রাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, চুরির স্থানটি রেলওয়ের এখতিয়ারভুক্ত হওয়ায় অভিযোগ পাওয়ার পর ক্রিলকে রাজশাহী রেলওয়ে থানায় পাঠানো হয়েছে, তবে নাটোর জেলা পুলিশও ঘটনাটির তদন্তে সক্রিয়ভাবে কাজ করছে।

রেলস্টেশনের সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা গেছে, ট্রেন থেকে নামার সময় ওই তরুণ ক্রিলের সঙ্গেই ছিলেন। পরে বিকেল ৪টার দিকে তিনি ক্রিলের ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিজের গায়ের ভেস্ট খুলে ফেলেন এবং একতা এক্সপ্রেস ট্রেনে উঠে নাটোর স্টেশন ত্যাগ করেন।