বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,
মাদকবিরোধী অভিযান

চিরিরবন্দরে গাঁজাসহ আটক ৩,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

এনামুল মবিন(সবুজ)

অক্টোবর ৮, ২০২৬, ০১:৪০ পিএম

চিরিরবন্দরে গাঁজাসহ আটক ৩,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সেবন ও নিজ দখলে রাখার অপরাধে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরবর্তীতে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানা দেওয়া হয়।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ১০ নম্বর পুনট্রি ইউনিয়নের চকমুসা বিলপাড়া গ্রামের একটি লিচুর বাগানের ভেতরে এই অভিযান চালানো হয়।

চিরিরবন্দর থানার উপপরিদর্শক (এসআই নিরস্ত্র) মো. আইয়ুব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। স্থানীয় জয়উদ্দিনের লিচু বাগানে অভিযান চালিয়ে গাঁজা সেবন এবং নিজেদের দখলে রাখার সময় হাতেনাতে তিনজনকে আটক করা হয়।

আটকের পরপরই বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজকে অবহিত করা হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসান। আদালতে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মো. আব্দুর রশিদকে (৪৮) সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অপর অপরাধী মো. ফারিকুল ইসলামকে (২৪) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা এবং মো. জয়নুলকে (২২) চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রশিদ চকমুসা বিলপাড়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে, ফারিকুল ইসলাম একই এলাকার মো. ফয়েজ উদ্দিন শাহের ছেলে এবং জয়নুল একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তারা তিনজনই চিরিরবন্দর উপজেলার ১০ নম্বর পুনট্রি ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।

অভিযান পরিচালনাকালে তাদের হেফাজত থেকে এক পুরিয়া গাঁজা, মাদক সেবনের একটি মাটির কলকী এবং দুটি গ্যাসলাইট জব্দ করে পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) থানা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।