অক্টোবর ৮, ২০২৬, ১২:২২ পিএম
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে দিনাজপুরে সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘চোখের যত্ন নিন, দৃষ্টিকে সুরক্ষিত রাখুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে দিবসটি উদযাপিত হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিনাজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সহযোগিতায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
সাধারণ মানুষের মধ্যে চোখের স্বাস্থ্যরক্ষা, দৃষ্টি সমস্যা প্রতিরোধ, বিভিন্ন চক্ষু রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক সময়ে চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। দিবসের শুরুতে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চক্ষু স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবী এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারীরা নিয়মিত চোখ পরীক্ষা ও অন্ধত্ব প্রতিরোধের নানা বার্তা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

র্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সিভিল সার্জনসহ অন্যান্য চিকিৎসা কর্মকর্তারা বলেন, স্বাভাবিক ও সুস্থ কর্মক্ষম জীবনের জন্য সুস্থ দৃষ্টিশক্তি অন্যতম প্রধান ভিত্তি। শিশুদের জন্মগত ও বয়সজনিত নানা সমস্যা, চোখের ছানি, গ্লুকোমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং নানাবিধ সংক্রমণের কারণে মানুষের চোখের দৃষ্টি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করতে পারলে এবং নিয়মিত সঠিক চিকিৎসা নিলে এর সিংহভাগ অন্ধত্ব প্রতিরোধ করা সম্ভব।
বক্তারা আরও সতর্ক করে জানান, চোখে কোনো ধরনের অস্বস্তি বা সমস্যা দেখা দিলে ফার্মেসি থেকে নিজে নিজে ড্রপ বা ওষুধ কিনে ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক। এমন প্রবণতা চোখের স্থায়ী ক্ষতি ডেকে আনতে পারে। এ কারণে চোখের সমস্যা হওয়া মাত্রই দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তারা। একই সাথে শিশুদের নিয়মিত চক্ষু পরীক্ষা এবং বয়স্কদের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত চোখের জটিলতা নিয়মিত পর্যবেক্ষণে রাখার তাগিদ দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদরাতুন মুমতাহিনা, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. হোসেন মো. নাহিদ এবং মেডিকেল অফিসার ডা. মাগফেরাতুন্নেছা।
এ ছাড়া অনুষ্ঠানে সিভিল সার্জন কার্যালয়, দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, তৃণমূল পর্যায়ে এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ সাধারণ মানুষকে চোখের সুরক্ষায় আরও দায়িত্বশীল করে তুলবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন