বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,
সাম্প্রদায়িক সম্প্রীতি

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৭, ২০২৬, ০৭:৩৩ পিএম

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত

শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় ও জোরদার করার আহ্বান এবং দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহসভাপতি মনোয়ারা সানুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা শাখার সদস্য কানিজ রহমান, জেলা শাখার সহসভাপতি মিনতি ঘোষ, রত্না মিত্র, সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির আহ্বায়ক সফিকুল ইসলাম, নাট্য সমিতির নির্বাহী সদস্য রবিউল আউয়াল খোকা, নাট্য ব্যক্তিত্ব তারেকুজ্জামান কারেক, সুইহারী সংগীত নিকেতন-এর নির্বাহী পরিচালক ও সহকারী শিক্ষক সনত চক্রবর্তী, মহিলা পরিষদ জেলা শাখার প্রচার সম্পাদক শুক্লা কুণ্ডু এবং সমাজকর্মী মুকিত হায়দারসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের প্রতিটি ধর্মীয় উৎসব সব মানুষের মিলনমেলায় পরিণত হয়। আসন্ন শারদীয় দুর্গোৎসব যেন নির্বিঘ্ন, আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করতে হবে।

তারা আরও বলেন, কোনো ধরনের অপশক্তি যেন সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে পূজামণ্ডপসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধনে মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ, স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।