সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০২:৪৪ পিএম
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে সুবিধাবঞ্চিত ও দরিদ্র চক্ষু রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সম্পূর্ণ বিনামূল্যে দিনব্যাপী এক চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের কন্দর্পপুর ডি এস দাখিল মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিকভাবে এই মানবিক চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করা হয়। স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চক্ষু শিবিরের সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শুভসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রংপুরের দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতালের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম এই শিবিরে সেবা প্রদান করে। সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলা এই কার্যক্রমে বোয়ালদাড় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা দুই শতাধিক নারী ও পুরুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়।
শিবিরে চিকিৎসকেরা রোগীদের চোখ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করেন এবং ব্যবস্থাপত্র অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ ও দৃষ্টি সহায়ক চশমা সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করেন। সেবা প্রদানের পাশাপাশি চোখের জটিল সমস্যায় আক্রান্ত রোগীদের বিশেষভাবে শনাক্ত করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বাছাইকৃত চোখের ছানিপড়া রোগীদের উন্নত চিকিৎসার জন্য রংপুরে দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সেখানে তাদের সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক চোখের ছানি অপারেশন করানোর পর সুস্থ অবস্থায় নিজস্ব ব্যবস্থাপনায় নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন