সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০২:৫১ পিএম
দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ মো. আব্দুর রহমান নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পাঁচ নম্বর আব্দুলপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামে অবস্থিত মাহফুজুর রহমানের লিচুর বাগানের ভেতরে এই অভিযান চালানো হয়।
চিরিরবন্দর থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপপরিদর্শক মো. আইয়ুব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী টহল পরিচালনাকালে ওই বাগানে অভিযান চালায়। এ সময় আব্দুর রহমানকে টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া নিজ দখলে রাখা এবং সরাসরি সেবনেরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। ঘটনার পরপরই বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজকে অবহিত করা হলে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একশত টাকা জরিমানা করেন। অভিযানকালে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে এক পিস টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া, মাদক সেবনের কাজে ব্যবহৃত দুইটি প্লাস্টিক পাইপ, একটি গ্যাস লাইটার এবং একটি ছোট স্টিলের চামচ জব্দ করা হয়।
দণ্ডপ্রাপ্ত ২৭ বছর বয়সী আব্দুর রহমান চিরিরবন্দর উপজেলার নান্দেরাই গ্রামের মো. হামিদুল ইসলামের ছেলে। সাজা ঘোষণার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন