বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,

ফুলবাড়ীতে পৌনে ৪ লাখ টাকার মাদক ও সিরাপ জব্দ

মো: মামুনুর রশিদ

সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০১:৩৯ পিএম

ফুলবাড়ীতে পৌনে ৪ লাখ টাকার মাদক ও সিরাপ জব্দ

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক তিনটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে তিন হাজার চারশত পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং সাতশত চল্লিশ বোতল দেশীয় যৌন উত্তেজক সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বুধবার সীমান্তসংলগ্ন এলাকাগুলোতে এই সাঁড়াশি অভিযান চালানো হয়।

বর্ডার গার্ড বাংলাদেশের ফুলবাড়ী ব্যাটালিয়ন অর্থাৎ ২৯ বিজিবির অধীনস্থ চৌঠা, রসুলপুর এবং দাইনুর বিওপির টহল দল পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে। সীমান্ত অতিক্রম করে দেশের অভ্যন্তরে নিয়ে আসার পর গোপন সংবাদের ভিত্তিতে এসব অবৈধ মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করতে সক্ষম হন বিজিবি সদস্যরা। বিজিবির আনুষ্ঠানিক সূত্র জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে তিন লাখ তিরাশি হাজার টাকা।

সীমান্ত এলাকায় মাদক বিস্তার ও যেকোনো ধরনের চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবির এই কঠোর নজরদারি ভবিষ্যতেও বলবৎ থাকবে বলে জানিয়েছে ফুলবাড়ী ব্যাটালিয়ন কর্তৃপক্ষ। সীমান্ত পথে অবৈধ পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে এবং জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিয়মিত এই টহল কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়েছে।