সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১১:৪৩ এএম
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৩৪৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ দুটি পৃথক ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় এই মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।
জব্দকৃত সিরাপের আনুমানিক সিজার মূল্য ৫২ হাজার ৫০ টাকা। বুধবার (২৩ সেপ্টেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর আওতাধীন মোহনপুর ব্রিজ বিওপি এবং তপসী স্থায়ী ক্যাম্পের টহল দল এসব অভিযান পরিচালনা করে। গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি সদস্যরা তৎপরতা চালান। অভিযান পরিচালনাকালে বাংলাদেশের অভ্যন্তর থেকে মালিকবিহীন অবস্থায় এসব অবৈধ সিরাপ জব্দ করা হয়।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান রোধে কঠোর নজরদারি অব্যাহত রাখার কথা জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তে সব ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও সমন্বিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মাদকদ্রব্যসহ যেকোনো ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা এবং এর সঙ্গে জড়িত চক্রকে আইনের আওতায় আনার লক্ষ্যে বিজিবির এই কঠোর ও পেশাদার অভিযান অব্যাহত থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন