মোজাম্মেল হক
সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০৯:৪৯ পিএম
ছবি: দিনাজপুর টিভি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত দুই অসুস্থ নারীর বাড়িতে গিয়ে চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেছেন সাবেক ছাত্রনেতা মো. আক্কাস আলী। মঙ্গলবার অসুস্থতার খবর পেয়ে তিনি সরাসরি তাঁদের বাড়ি যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
অসুস্থ দুই নারী হলেন বীরগঞ্জ উপজেলার ৫ নম্বর সুজালপুর ইউনিয়নের ছোট শীতলাই গ্রামের বাসিন্দা খাদিজা বেগম এবং একই ইউনিয়নের বড় শীতলাই গ্রামের বাসিন্দা রোমেনা বেগম। তাঁরা দুজনই দীর্ঘদিন ধরে যথাক্রমে ক্যান্সার ও কিডনি সংক্রান্ত জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। দীর্ঘদিন রোগভোগের কারণে এবং তীব্র আর্থিক সংকটে পড়ে তাঁদের পরিবার চিকিৎসার ধারাবাহিক ব্যয় মেটাতে চরম হিমশিম খাচ্ছে।
সাক্ষাৎকালে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্কাস আলী উভয় পরিবারের বর্তমান আর্থিক ও শারীরিক পরিস্থিতির বিস্তারিত তথ্য নেন। তাৎক্ষণিকভাবে তিনি চিকিৎসার প্রয়োজনীয় খরচ চালানোর জন্য উভয় পরিবারের হাতে ব্যক্তিগত অনুদান তুলে দেন এবং ভবিষ্যতেও নিজ সামর্থ্য অনুযায়ী তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
নিয়মিত প্রয়োজনীয় ওষুধ ও হাসপাতালের ব্যয় মেটাতে আরও আর্থিক সাহায্য দরকার বলে জানিয়েছেন অসুস্থদের স্বজনরা। স্থানীয় প্রতিবেশীরা উল্লেখ করেন, ব্যয়বহুল এই রোগের চিকিৎসা চালিয়ে যেতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসা জরুরি। সবার সম্মিলিত সহযোগিতা পেলে অসহায় দুটি পরিবার তাঁদের স্বজনদের সুচিকিৎসা নিশ্চিত করতে সক্ষম হবে।