বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,
চোটের ধাক্কা

ভারত ম্যাচের আগে ছিটকে গেলেন ব্রাজিলের রাফিনিয়া

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০১:২৮ পিএম

ভারত ম্যাচের আগে ছিটকে গেলেন ব্রাজিলের রাফিনিয়া

ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামা হচ্ছে না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার। ডান উরুতে চোট পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে জাতীয় দলের ক্যাম্প থেকে অব্যাহতি দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চার-দুই গোলে জয়ের ম্যাচে ডান উরুর পেছনের অংশে টান লাগে তার। সেই ম্যাচে প্রথমার্ধে পেনাল্টি থেকে দলের দ্বিতীয় গোলটি করেছিলেন এই তারকা। কিন্তু উরুতে অস্বস্তি বাড়ায় দ্বিতীয়ার্ধে আর মাঠে নামতে পারেননি তিনি। বুধবার চিকিৎসকদের তত্ত্বাবধানে রাফিনিয়ার চোটাক্রান্ত স্থানে প্রয়োজনীয় ইমেজিং পরীক্ষা করানো হয়। পরীক্ষার পর ফেডারেশন জানিয়েছে, তার ডান উরুর পেছনের পেশিতে সামান্য ফোলা বা মাসল এডিমা দেখা গেছে। তবে স্বস্তির খবর হলো, পেশি ছিঁড়ে যাওয়া বা বড় ধরনের কোনো কাঠামোগত ক্ষতি ধরা পড়েনি।

একই স্থানে অতীতেও দুবার চোট পেয়েছিলেন রাফিনিয়া। জাতীয় দলের আগের দুটি ক্যাম্পেও একই জায়গায় সমস্যায় পড়তে হয়েছিল তাকে। নতুন করে চোটের খবর সামনে আসায় প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছিলেন বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা। তবে স্বাস্থ্য পরীক্ষায় বড় ধরনের জটিলতা না থাকায় ক্লাব কর্তৃপক্ষও আশ্বস্ত হয়েছে।

জাতীয় দলের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ণ সুস্থতা ও অতিরিক্ত ঝুঁকি এড়াতেই রাফিনিয়াকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তার বদলে স্কোয়াডে নতুন কোনো ফুটবলারকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না।

শনিবার কলকাতার মাঠে ভারতের মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচে রাফিনিয়ার খেলার কোনো সম্ভাবনা নেই। দ্রুততম সময়ের মধ্যে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে স্পেনে ফিরে যাচ্ছেন এই উইঙ্গার। সেখানে পৌঁছানোর পর বার্সেলোনার মেডিকেল বিভাগের তত্ত্বাবধানে তার পুনর্বাসন প্রক্রিয়া পরিচালিত হবে।