নভেম্বর ১৫, ২০২৬, ০৮:৪৯ এএম
আসন্ন আইপিএল ২০২৭ আসরকে সামনে রেখে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্ব বড় পরীক্ষার মুখে পড়তে চলেছে। গত মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটি পয়েন্ট টেবিলে অষ্টম স্থান অর্জন করার পর ডাগআউটে এসেছে বড় পরিবর্তন। দীর্ঘদিন দায়িত্ব পালন করা স্টিভেন ফ্লেমিংয়ের স্থলাভিষিক্ত হয়ে নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন জহির খান।
গত আসরে দলের পারফরম্যান্স আশানুরূপ না হলেও রুতুরাজকে আরও অন্তত এক বছর অধিনায়ক হিসেবে চেন্নাই টিকিয়ে রাখবে বলে বিশ্বাস সুব্রমানিয়াম বদ্রিনাথের। নিজের ইউটিউব চ্যানেলে তিনি জানান, গত এক বছরে দল গঠনে গায়কোয়াড়ের মতামত খুব একটা ছিল না। ফলে দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়ার আগে ফ্র্যাঞ্চাইজি তাকে আরও একটি মৌসুম সুযোগ দিতে পারে।
অধিনায়ক হিসেবে রুতুরাজ চেন্নাইয়ের জার্সিতে ৩৩ ম্যাচে ১৪টিতে জয় পেয়েছেন, যা তার সামনে উন্নতির পর্যাপ্ত সুযোগের কথাই মনে করিয়ে দেয়। তবে কেবল অধিনায়কের ওপরই সব চাপ না রেখে রুতুরাজ গায়কোয়াড়, শিভাম দুবে ও সঞ্জু স্যামসনের মতো অভিজ্ঞদের নিয়মিত পারফর্ম করার তাগিদ দিয়েছেন বদ্রিনাথ।
অন্যদিকে, চেন্নাইয়ের রিটেনশন কৌশল নিয়ে ভিন্ন মতামত দিয়েছেন কৃষ্ণমাচারী শ্রীকান্ত। তার মতে, দলে সঞ্জু স্যামসনের আগমন ঘটায় রুতুরাজের গুরুত্ব কিছুটা কমলেও তাকে এই মুহূর্তে দল থেকে বাদ দেওয়া উচিত নয়। অতীতে দলের হয়ে তার দারুণ অবদানের কথা স্মরণ করে স্থায়িত্বের স্বার্থে তাকে ধরে রাখার পক্ষে মত দেন তিনি।
অধিনায়কত্ব বদল নিয়ে শ্রীকান্ত স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, সঞ্জু স্যামসনের ওপর এই দায়িত্ব দেওয়া ঠিক হবে না। রুতুরাজকেই দলের নেতৃত্বে বহাল রাখার পক্ষে মত দিয়ে তিনি বলেন যে, স্যামসন কেবল একটি মৌসুম চেন্নাইয়ে খেলেছেন এবং রাজস্থান রয়্যালসেও অধিনায়ক হিসেবে আহামরি কিছু করে দেখাতে পারেননি।
এদিকে নিলামের আগে তরুণ ব্যাটার আয়ুষ মাত্রেকে কোনোভাবেই হাতছাড়া না করার পরামর্শ দিয়েছেন অভিনব মুকুন্দ। রঞ্জি ট্রফিতে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে সার্জারির পর পুনর্বাসনে থাকা এই তরুণকে চেন্নাইয়ের ভবিষ্যতের বড় সম্পদ হিসেবে অভিহিত করেছেন তিনি। একইসঙ্গে দলের স্কোয়াডের ভারসাম্য ঠিক রাখতে উর্বিল প্যাটেলকে ট্রেড করার মাধ্যমে দলে ভেড়ানোর সম্ভাবনা নিয়ে ভাবতে বলেছেন এই সাবেক ওপেনার।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন