রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

ম্যাচ পেছানোয় এসইসির বিরুদ্ধে কঠোর অবস্থান ওকলাহোমার

খেলাধুলা ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ০৭:৫৭ এএম

ম্যাচ পেছানোয় এসইসির বিরুদ্ধে কঠোর অবস্থান ওকলাহোমার

ওকলাহোমা ও ওল মিসের মধ্যকার ম্যাচ

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসনের ফ্লাইট স্থগিতাদেশের কারণে ওকলাহোমা ও ওল মিসের মধ্যকার নির্ধারিত ম্যাচটি একদিন পেছাতে বাধ্য হয়েছে। শনিবারের পরিবর্তে আগামী রোববার ম্যাচটি মাঠে গড়ায়, যা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ওকলাহোমা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসইসি কমিশনার গ্রেগ সানকির পক্ষ থেকে ম্যাচ বয়কট করলে ফল বাতিলের হুমকির মুখে বাধ্য হয়েই এই সিদ্ধান্ত মেনে নিতে হয় তাদের।

ম্যাচ পেছানোর এই সিদ্ধান্তে ওকলাহোমার অ্যাথলেটিক পরিচালক রজার ডেনি কঠোর আপত্তি জানিয়ে বলেছেন, এই সিদ্ধান্ত তাদের খেলোয়াড়, প্রতিষ্ঠান ও সমর্থকদের প্রতি চরম অন্যায্য। শনিবারের ম্যাচকে কেন্দ্র করে যেসব ভক্তরা যাতায়াত ও থাকার ব্যবস্থা করেছিলেন, তারা বড় ধরনের ভোগান্তির মুখে পড়েছেন। তবে কনফারেন্স কর্তৃপক্ষের এমন চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না বলে উল্লেখ করেন তিনি।

ওল মিসের পক্ষ থেকে জানানো হয়, ফ্লাইট চালুর পর তারা যথাসময়ে নরমান শহরে পৌঁছানোর সব ধরনের চেষ্টা চালিয়েছিল। কিন্তু চার্টার ব্রোকার ও ক্রু সদস্যদের নির্দিষ্ট দায়িত্ব পালনের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় তাদের পক্ষে শুক্রবার রাতে রওনা হওয়া সম্ভব হয়নি। অন্যদিকে চার ঘণ্টার বেশি দূরত্বের পথ বাসে পাড়ি দেওয়াও সম্ভব ছিল না বলে জানায় তারা।

ম্যাচটি রোববারে স্থানান্তরিত হওয়ায় এটি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের ম্যাচের সঙ্গে সাংঘর্ষিক হবে এবং এর সম্প্রচার দর্শকদের আকর্ষণ কমাবে। রোববার স্থানীয় সময় দুপুর ১টায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।