নভেম্বর ১৫, ২০২৬, ০৬:১৭ এএম
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সহযোগিতার তীব্র বিরোধিতা করলেও আড়ালে তাদের আইনপ্রণেতাদের সহায়তা চেয়েছেন। চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন বিস্ফোরক অভিযোগ করেছেন আরব জয়েন্ট লিস্টের এমপি আহমাদ তিবি। এ দাবির সত্যতা প্রমাণে নেতানিয়াহুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেলের পাঠানো কয়েকটি খুদে বার্তাও ক্যামেরার সামনে তুলে ধরেছেন তিনি।
বিরোধী দলীয় নেতার নেতৃত্বাধীন জোটের সরকার গঠনের উদ্যোগ ঠেকাতে নেতানিয়াহুর পক্ষ থেকে এই যোগাযোগ করা হয়েছিল বলে জানান তিবি। নির্বাচনের এক সপ্তাহ আগে, ভোটগ্রহণ শেষ হওয়ার পরদিন এবং নির্বাচনের ফল প্রকাশের পরও এশেল তাকে বার্তা পাঠিয়েছিলেন। প্রকাশ্যে আরব দলগুলোকে অবৈধ বা অগ্রহণযোগ্য হিসেবে তুলে ধরলেও প্রয়োজনের সময় লিকুদ পার্টি তাদের সমর্থন পাওয়ার চেষ্টা চালিয়েছে বলে দাবি করেন এই আইনপ্রণেতা।
গত ১০ নভেম্বর শপথ নেওয়া নতুন নেসেটে দেওয়া ভাষণে নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের দাবি জানান এবং আরব দলগুলোর ওপর নির্ভরশীল জোটের বিরুদ্ধে সতর্ক করেন। একই সঙ্গে আরব আইনপ্রণেতাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থন ও ইসরাইলের ধ্বংস চাওয়ার অভিযোগ তোলেন তিনি। ওই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে তিবি তার ব্যক্তিগত কথোপকথন ও বার্তাগুলো প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন।
নেতানিয়াহু সরকারের একজন মন্ত্রীও চলতি সপ্তাহে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে জানান তিবি। ওই মন্ত্রী তাকে আইজেনকটের নেতৃত্বে সরকার গঠনের পক্ষে ভোট না দিয়ে বরং নতুন নির্বাচন আয়োজনের পক্ষে অবস্থান নেওয়ার অনুরোধ জানান। এর জবাবে জয়েন্ট লিস্ট নতুন নির্বাচন চায় না বলে সাফ জানিয়ে দেন তিনি।
এদিকে আহমাদ তিবির এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে লিকুদ পার্টি। দলটির পক্ষ থেকে এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে অভিহিত করা হয়েছে। যেসব দল জাতীয় সংগীতের প্রতি অসম্মান দেখায় এবং প্রতিরক্ষা বাহিনীর সেনাদের ক্ষতি করে, তাদের সঙ্গে কোনো ধরনের সহযোগিতা করা হয় না বলে দাবি করেছে দলটি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন