রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

রহস্যজনকভাবে নিজে থেকেই চালু হয়ে যাচ্ছে রোকু টিভি ও স্ট্রিমিং ডিভাইস

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ০৬:০১ এএম

রহস্যজনকভাবে নিজে থেকেই চালু হয়ে যাচ্ছে রোকু টিভি ও স্ট্রিমিং ডিভাইস

প্রতীকী ছবি

গত কয়েক মাস ধরে গভীর রাতে হঠাৎ করেই নিজে থেকেই চালু হয়ে যাচ্ছে অনেক ব্যবহারকারীর রোকু টিভি ও স্ট্রিমিং ডিভাইস। কোনো রিমোটের বোতাম না টিপলেও অনেক সময় ডিভাইসগুলো স্বয়ংক্রিয়ভাবে অ্যাপ চালু করে সিনেমা বা শো প্লে করতে শুরু করছে। হঠাৎ এমন ভৌতিক কান্ডে ব্যবহারকারীদের অনেকেরই রাতে ঘুম ভেঙে যাওয়ার মতো বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

চলতি বছরের আগস্টে রোকু ওএস ১৫.৩ আপডেট আসার পর থেকেই মূলত এই অদ্ভুত সমস্যার অভিযোগগুলো সামনে আসতে শুরু করে। যদিও সব ডিভাইসে এই সমস্যা দেখা দিচ্ছে না এবং নতুন এই আপডেটে পাওয়ার ম্যানেজমেন্ট বা অটোপ্লে সংক্রান্ত কোনো পরিবর্তন আনা হয়নি। তবে সফটওয়্যার আপডেটের কোনো গোপন বাগের কারণেই এমন হচ্ছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

এই সমস্যার পেছনে এইচডিমআই-সিইসি বা ওয়ান-টাচ প্লে ফিচারটিও বড় একটি কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। এই ফিচারের মাধ্যমে সাউন্ডবার, গেম কনসোল কিংবা স্পিকারের মতো বিভিন্ন এভি ডিভাইস একটিমাত্র রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। ফলে সংযুক্ত কোনো একটি যন্ত্রের সংকেতে ত্রুটি দেখা দিলে পুরো চেইনে গ্লিচ তৈরি হয়ে আকস্মিক টিভি চালু হয়ে যাওয়ার ঘটনা ঘটে।

পাশাপাশি ফাস্ট টিভি স্টার্ট ফিচারটিও এই সমস্যার জন্য অনেকাংশে দায়ী বলে জানা গেছে। এই পাওয়ার-ম্যানেজমেন্ট সেটিংসটি চালু থাকলে টিভি বন্ধ করার পরও অপারেটিং সিস্টেম ব্যাকগ্রাউন্ডে সক্রিয় থাকে। ফলে সব সময় চালু থাকা নেটওয়ার্ক সংযোগের কারণে রোকু ওএস ১৫.৩ সংস্করণের সাথে মিলে রাতের বেলা এই অদ্ভুত ত্রুটি দেখা দিচ্ছে।

রোকু কর্তৃপক্ষ কিংবা অন্য কেউ এখনো এই সমস্যার মূল কারণ আনুষ্ঠানিকভাবে শনাক্ত করতে পারেনি। তবে এই বিরক্তি থেকে বাঁচতে ব্যবহারকারীরা কিছু সম্ভাব্য সমাধান চেষ্টা করে দেখতে পারেন। প্রথমত, অক্টোবরে মুক্তি পাওয়া রোকু ওএস ১৬ সংস্করণে ডিভাইস আপডেট করে নেওয়া যেতে পারে।

এ ছাড়া টিভি এবং সংযুক্ত অন্যান্য ডিভাইসের সেটিংস থেকে ওয়ান-টাচ প্লে বা এইচডিমআই-সিইসি নিষ্ক্রিয় করতে হবে। এর জন্য রোকু টিভির সেটিংস থেকে সিস্টেম ও কন্ট্রোল আদার ডিভাইস অপশনে গিয়ে এটি বন্ধ করা যাবে। একইভাবে সেটিংস থেকে সিস্টেম ও পাওয়ার অপশনে গিয়ে ফাস্ট টিভি স্টার্ট ফিচারটিও বন্ধ করে দিতে পারেন।

এই পদক্ষেপগুলো কাজ না করলে রাতের বেলা ব্যবহারের পর টিভি সম্পূর্ণ আনপ্লাগ করে রাখতে পারেন অথবা স্মার্ট প্লাগ ব্যবহার করতে পারেন। কোনোভাবেই সমাধান না মিললে রোকুর অফিশিয়াল সাপোর্ট পোর্টালের সাহায্য নিতে পারেন ব্যবহারকারীরা।