বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,

চিরিরবন্দরে বজ্রপাত রোধে ৪ হাজার তালবীজ রোপণ

এনামুল মবিন(সবুজ)

সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০২:৫৯ পিএম

চিরিরবন্দরে বজ্রপাত রোধে ৪ হাজার তালবীজ রোপণ

ছবি: দিনাজপুর টিভি

বজ্রপাতের ঝুঁকি হ্রাস, জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং গ্রামীণ সড়কের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের চিরিরবন্দরে প্রায় চার হাজার তালবীজ রোপণ কর্মসূচির সূচনা হয়েছে। উপজেলার ফুলপুর কুতুবডাঙ্গা বাজার থেকে আমবাড়ী বাজার পর্যন্ত দীর্ঘ সংযোগ সড়কের দুই পাশে পরিবেশবান্ধব এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সবুজায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

উদ্বোধনকালে জেলা প্রশাসক নিজ হাতে সড়কের পাশে তালবীজ রোপণ করে কর্মসূচির সূচনা করেন। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে জনপদকে নিরাপদ রাখতে ব্যাপক হারে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে তিনি রোপণ করা প্রতিটি বীজের অঙ্কুরোদ্গম ও চারাগুলোর যথাযথ নিয়মিত পরিচর্যা নিশ্চিত করার তাগিদ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহনাজ আফরোজ। এছাড়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনজুরুল ইসলাম ও মনজিলা হাসনাতসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যরা এতে অংশ নেন।

আয়োজকেরা জানান, তালগাছ একটি দীর্ঘজীবী ও শক্ত কাঠামোর পরিবেশবান্ধব উদ্ভিদ হওয়ায় তা ভবিষ্যতে বজ্রপাতের মারাত্মক ক্ষয়ক্ষতি প্রশমনে প্রাকৃতিক সুরক্ষা প্রাচীর হিসেবে কাজ করবে। একই সাথে এটি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কের নান্দনিকতা বাড়াতে ভূমিকা রাখবে। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী ক্লাস্টারের প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে এই জনকল্যাণমূলক কর্মসূচিটি মাঠে বাস্তবায়ন করা হচ্ছে।