অক্টোবর ৮, ২০২৬, ০৫:৩৬ পিএম
জলবায়ু সহনশীল আবাসন এবং টেকসই নগরসেবা গড়ে তোলার লক্ষ্যে কার্যকর নীতি গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি স্পষ্ট করেছেন যে জলবায়ু পরিবর্তনের নানামুখী ঝুঁকি মোকাবিলায় ভবিষ্যৎ আবাসন ও নগর উন্নয়ন মহাপরিকল্পনায় পরিবেশ সুরক্ষা, জ্বালানি দক্ষতা এবং সহনশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ বা বিসিডিপি আয়োজিত বিসিডিপি নলেজ কনফারেন্স ২০২৬-এর দ্বিতীয় দিনে অনুষ্ঠিত বিশেষ এক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনের দ্বিতীয় দিনে ‘জ্বালানি-সাশ্রয়ী এবং জলবায়ু-সহনশীল আবাসন ও নগরসেবা’ শীর্ষক এক উচ্চপর্যায়ের কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়।
নগর উন্নয়নের নীতিগত লক্ষ্য তুলে ধরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য কেবল অধিক সংখ্যক বহুতল ভবন নির্মাণ করা নয়; বরং নাগরিকদের জন্য নিরাপদ, টেকসই, জ্বালানি-সাশ্রয়ী ও জলবায়ু সহনশীল আবাসন নিশ্চিত করাই হলো মূল উদ্দেশ্য।
দ্রুত নগরায়ণের সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নাগরিকদের জন্য আধুনিক ও টেকসই নগরসেবা নিশ্চিত করতে সমন্বিত দীর্ঘমেয়াদী পরিকল্পনার কোনো বিকল্প নেই বলে তিনি অভিমত দেন।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, ভবিষ্যৎ ভবন নির্মাণে আধুনিক প্রকৌশল প্রযুক্তির কার্যকর ব্যবহার, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়, বৃষ্টির পানি সংরক্ষণসহ আধুনিক পানি ব্যবস্থাপনা এবং প্রাকৃতিক আলো-বাতাসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী ও পদ্ধতির ওপর জোর দিতে হবে।
জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা, জলাবদ্ধতা এবং ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের সম্ভাব্য ঝুঁকি পুঙ্খানুপুঙ্খ বিবেচনায় নিয়ে দীর্ঘস্থায়ী আবাসন ও নাগরিক অবকাঠামো গড়ে তোলার তাগিদ দেন তিনি।
অধিবেশনে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ছাড়াও দেশি-বিদেশি নগর পরিকল্পনাবিদ, পরিবেশ গবেষক, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নীতি-নির্ধারকেরা বক্তব্য দেন।
তারা টেকসই নগরায়ণ নিশ্চিত করতে জ্বালানি সাশ্রয়ী নকশা প্রণয়ন, জলবায়ু সহনশীল অবকাঠামো তৈরি এবং অংশীদারিত্বমূলক পদক্ষেপ জোরদারের আহ্বান জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন