অক্টোবর ৮, ২০২৬, ০৫:১৬ পিএম
রাজপথে আন্দোলনের মাধ্যমে ভারতে নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে কংগ্রেস—এমন অভিযোগ তুলেছে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বৃহস্পতিবার ভারতের বিভিন্ন প্রান্তে কংগ্রেস এবং জেন-জিদের গঠিত ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচি ঘিরে এই অভিযোগ করেছে দলটি। বিজেপির দাবি, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছেন।
এর আগে বুধবার ‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভের কিছু ভিডিও ফুটেজ উপস্থাপন করে বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি বলেন, দিল্লিতে রাহুল গান্ধী, তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র এবং কংগ্রেস কর্মীরা যেভাবে পুলিশ সদস্যদের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হয়েছেন, তাতে দলটির প্রকৃত উদ্দেশ্য পরিষ্কার হয়ে গেছে। এক ভিডিও বার্তায় তিনি আরও বলেন যে, কংগ্রেসের মূল কৌশল হলো নেপাল ও বাংলাদেশের মতো ভারতেই অরাজক পরিস্থিতির বিস্তার ঘটানো।
এদিকে বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত এক ‘পিপলস ট্রাইব্যুনালে’ অংশ নেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ও ইউটিউবার ধ্রুব রাঠী। সেখান থেকে পরবর্তীতে জুতো প্রদর্শন বিক্ষোভ কর্মসূচি পালন করার কথা রয়েছে সিজেপির।
সিজেপির নেতা অভিজিৎ দিপকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে বলেন যে, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত এই বিক্ষোভ আন্দোলন অব্যাহত থাকবে। ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে গত বুধবার মধ্য দিল্লিতে ইন্ডিয়া জোটের বিক্ষোভে সহিংসতার ঘটনা ঘটে। এই ঘটনার পর লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ শীর্ষস্থানীয় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে অন্তত দুটি নতুন মামলা নথিভুক্ত করেছে দিল্লি পুলিশ।
বেঙ্গালুরুর ওই ট্রাইব্যুনালে ধ্রুব রাঠী বলেন, এটি তার জীবনের প্রথম আন্দোলন। তিনি উল্লেখ করেন যে নরেন্দ্র মোদি হয়তো মনে করছেন তার ব্যক্তিগত সমস্যা শুধু তাকে নিয়েই, কিন্তু বাস্তবতা হলো পুরো দেশই তাকে নিয়ে সমস্যায় জর্জরিত। দ্য হিন্দু ও পিটিআই সূত্রে এই তথ্য জানা গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন