অক্টোবর ৮, ২০২৬, ০৪:৪৮ পিএম
নরেন্দ্র মোদির বিরুদ্ধে ভোট চুরি ও গণতন্ত্র হত্যার গুরুতর অভিযোগ তুলে ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে বিক্ষোভ প্রদর্শন করেছে ককরোচ জনতা পার্টি। দলটির প্রতিষ্ঠাতা ও প্রধান সংগঠক অভিজিৎ দীপকে অভিযোগ করেছেন যে, নির্বাচনী ব্যবস্থার অপব্যবহার ও ভোট চুরির মাধ্যমে নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী পদে বসেছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেঙ্গালুরুর ঐতিহাসিক ফ্রিডম পার্কে সুশীল সমাজের বিভিন্ন প্ল্যাটফর্ম এবং ককরোচ জনতা পার্টির যৌথ উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ভারতের জাতীয় ভোটার তালিকা সংশোধনের লক্ষ্যে নির্বাচন কমিশনের বিতর্কিত উদ্যোগ ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ বা এসআইআরের তীব্র বিরোধিতা করে এই কর্মসূচির আয়োজন করা হয়।
‘জনতার আদালত’ শীর্ষক এই প্রতীকী প্রতিবাদ কর্মসূচিতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি সংহতি জানিয়ে অংশ নেন দেশটির জনপ্রিয় ইউটিউবার ও রাজনৈতিক বিশ্লেষক ধ্রুব রাঠি এবং খ্যাতনামা অভিনেতা ও সামাজিক অধিকারকর্মী প্রকাশ রাজ।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অভিজিৎ দীপকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে গণতন্ত্র হরণের সরাসরি অভিযোগ এনে কঠোর সমালোচনা করেন।
তিনি স্পষ্ট ঘোষণা দেন যে, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদ থেকে পদত্যাগ না করা পর্যন্ত দেশজুড়ে এই প্রতিবাদী বিক্ষোভ ও নাগরিক আন্দোলন অব্যাহত থাকবে।
অভিজিৎ দীপকে দাবি করেন, বিতর্কিত এসআইআর কর্মসূচির মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির বিরোধী মতাদর্শের নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে মূলত বিরোধীদের মৌলিক ভোটাধিকার হরণ করার এক সুদূরপ্রসারী রাজনৈতিক নকশা বাস্তবায়ন করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে রাজপথে অনড় থাকার ঘোষণা দিয়ে সমাবেশ থেকে জানানো হয়, দেশের সাধারণ নাগরিকেরা তাদের অধিকার আদায়ে রাস্তায় নামবে এবং প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন মাঠেই থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন