বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

টেক্সটাইল শিল্পে পানির বিকল্প উদ্ভাবনে জোর দিলেন পানিসম্পদমন্ত্রী এ্যানি

জাতীয় ডেস্ক

অক্টোবর ৮, ২০২৬, ০৫:১০ পিএম

টেক্সটাইল শিল্পে পানির বিকল্প উদ্ভাবনে জোর দিলেন পানিসম্পদমন্ত্রী এ্যানি

টেক্সটাইল শিল্পে ভূ-গর্ভস্থ পানির নির্ভরতা কমিয়ে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধির তাগিদ দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। একই সাথে ভূগর্ভস্থ পানির স্তর সুরক্ষায় কার্যকর বিকল্প প্রযুক্তি উদ্ভাবনের জন্য সংশ্লিষ্ট গবেষক ও শিল্পোদ্যোক্তাদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বুটেক্স-আইটিইটি ডাই-ক্যাম এক্সপো-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী উল্লেখ করেন, দেশের টেক্সটাইল শিল্পে পানির ব্যবহার অত্যন্ত ব্যাপক।

তিনি সতর্ক করে বলেন, অতিরিক্ত উত্তোলনের ফলে মাটির নিচের ভূ-গর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনক হারে নেমে যাচ্ছে। এই পরিবেশগত বিপর্যয় রুখতে ভূ-গর্ভস্থ উৎসের ওপর চাপ কমিয়ে নদী ও জলাশয়ের ভূ-উপরিস্থ পানি প্রক্রিয়াজাত করে ব্যবহারের পরিমাণ বাড়াতে হবে। একই সাথে পানির ব্যবহার কমাতে বিকল্প প্রযুক্তিগত উদ্ভাবনের কোনো বিকল্প নেই।

এই প্রদর্শনী শিল্প খাত ও প্রাতিষ্ঠানিক গবেষণার মধ্যে সেতুবন্ধন তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, বুটেক্স-আইটিইটি ডাই-কেম এক্সপো নতুন উদ্ভাবনকে বেগবান করবে, একাডেমিয়া ও কারখানার সহযোগিতা সুদৃঢ় করবে এবং টেক্সটাইল খাতের তরুণ পেশাজীবীদের যুগোপযোগী দক্ষতায় অনুপ্রাণিত করবে।

শিল্পের প্রসারে ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে আধুনিক টেক্সটাইল খাতের গোড়াপত্তন ও প্রসারে অসামান্য ভূমিকা রেখেছিলেন।

বর্তমানে এই টেক্সটাইল শিল্প জাতীয় অর্থনীতিতে একক বৃহত্তম চালিকাশক্তি হিসেবে অবদান রাখছে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর শত শত দক্ষ প্রযুক্তিবিদ ও প্রকৌশলী তৈরি হচ্ছেন, যাদের চাহিদা দেশ ও আন্তর্জাতিক শ্রমবাজারে ক্রমাগত বাড়ছে।

টেকসই শিল্পায়নের ওপর জোর দিয়ে তিনি জানান, টেক্সটাইল খাতের অগ্রগতির সাথে সাথে ভূগর্ভস্থ পানি সংরক্ষণ, কার্যকর বর্জ্যপানি শোধন বা ইটিপি ব্যবস্থাপনা, ব্যবহৃত পানির পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব সবুজ উৎপাদন পদ্ধতি বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মো. জুলহাস উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টসের (আইটিইটি) সভাপতি প্রকৌশলী এনায়েত হোসেন এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী হাফিজুর রহমান।

এছাড়া উদ্বোধনী পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. তানিয়া আক্তার ও অধ্যাপক ড. রাশেদা বেগমসহ আমন্ত্রিত শিক্ষাবিদ, গবেষক ও টেক্সটাইল খাতের নেতৃবৃন্দ বক্তব্য দেন।