অক্টোবর ৮, ২০২৬, ০৭:৩০ পিএম
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪৮ দশমিক ৩ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির দায়ে দুই মাছ বিক্রেতাকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) মিরসরাই উপজেলার মিঠাছড়া বাজারে এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের। অভিযানে জব্দ করা ইলিশ মাছ পরবর্তীতে মিরসরাই উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের উপস্থিতিতে চারটি এতিমখানা এবং ছয়জন দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।
মিরসরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান জানান, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে সরকার নির্ধারিত ২২ দিনের নিষেধাজ্ঞা অত্যন্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এই সময়ের মধ্যে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি মা ইলিশ রক্ষায় দেশের সব জেলে, মাছ ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার জন্য আন্তরিক আহ্বান জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন