বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

প্রধানমন্ত্রীর হাত ধরে দেশের উন্নয়ন হবে: প্রতিমন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৮, ২০২৬, ০১:২৪ পিএম

প্রধানমন্ত্রীর হাত ধরে দেশের উন্নয়ন হবে: প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সবার আগে বাংলাদেশকে বুকে ধারণ করে কাজ করছেন এবং তার হাত ধরেই দেশের সামগ্রিক উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিবচর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ উপলক্ষে এই সচেতনতা সভা ও জেলে পরিবারের মাঝে খাদ্য সহায়তার ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, আমরা চাই এই দেশটি উন্নত হোক এবং সাধারণ মানুষের ভাগ্যের আমূল পরিবর্তন আসুক। দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত হলে সবার উন্নয়ন হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব এবং মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাব।

ইলিশকে জাতীয় সম্পদ ও ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে উল্লেখ করে তিনি প্রজনন সুরক্ষায় কড়া হুঁশিয়ারি দেন।

তিনি স্পষ্ট করেন, ইলিশের উৎপাদন বাড়াতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা যেকোনো মূল্যে কঠোরভাবে কার্যকর করতে হবে। ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ সময়ে কেউ যাতে নদীতে নেমে প্রজনন সক্ষম মা ইলিশ শিকার করতে না পারে, সেজন্য মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ কঠোর অবস্থান বজায় রাখার নির্দেশ দেন তিনি।

মাদারীপুরকে ইলিশের ঐতিহ্যবাহী অঞ্চল হিসেবে উল্লেখ করে তিনি জানান, পদ্মা নদী সুস্বাদু রুপালি ইলিশের অন্যতম প্রধান উৎস। নিষেধাজ্ঞার এই সময়টিতে উৎপাদন বৃদ্ধি পেলে তার চূড়ান্ত সুফল জেলেরাই ভোগ করবেন। তাই মাত্র ২২ দিনের এই কষ্টকে ভবিষ্যতের স্থায়ী সমৃদ্ধি হিসেবে দেখার আহ্বান জানান তিনি।

জলাশয়ের নীতি পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, উন্মুক্ত জলাশয়ে সাধারণ জেলেদের অধিকার নিশ্চিত করতে ‘জাল যার, জলা তার’ নীতি কার্যকর থাকবে এবং সরকার জেলেদের স্বার্থ সুরক্ষায় সার্বক্ষণিক পাশে রয়েছে। খাদ্য সংকটের চাপ কমাতে সরকার তাদের জন্য ভিজিএফ সহায়তার ব্যবস্থা করেছে। ইলিশ রক্ষা শুধু সরকারের একার দায়িত্ব নয়, বরং এটি সবার সম্মিলিত নাগরিক দায়িত্ব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তার।

এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনক, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহী, মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক মো. আহসান হাবীব খান এবং জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান, মাদারীপুর-১ আসনের বিএনপি দলীয় প্রার্থী নাদিরা চৌধুরী মিঠুসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা মৎস্য কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রান্তিক মৎস্যজীবী পরিবারের সদস্যরা।

অনুষ্ঠান শেষে তালিকাভুক্ত ১৫১টি প্রান্তিক জেলে পরিবারের প্রত্যেককে ২৫ কেজি করে সরকারি খাদ্য সহায়তার ভিজিএফ চাল বিতরণ করা হয়।