সেপ্টেম্বর ১০, ২০২৬, ০৯:৫৮ পিএম
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আত্মকর্মসংস্থান তৈরি করতে ‘সঞ্জীবন প্রকল্পে’ মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সাক্ষাতে এই বিষয়ে নীতিগত আলোচনা হয়।
বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যকে উৎপাদনমুখী কাজের সাথে যুক্ত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
উপজেলা ও গ্রাম পর্যায়ে গঠিত সঞ্জীবন প্লাটুনের উদ্যোক্তারা প্রাণিসম্পদ অধিদপ্তরের কারিগরি নির্দেশনায় উন্নত জাতের গাভী, ছাগল ও মুরগির খামার গড়ে তুলবেন। একই সাথে পতিত জলাশয় ও পুকুরে পরিকল্পিতভাবে মাছ চাষের উদ্যোগ নেওয়া হবে। এই খামারগুলো থেকে উৎপাদিত দুধ ও মাংসের মাধ্যমে নিরাপদ প্রাণিজ আমিষের চাহিদা পূরণ এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উৎপাদন উপকরণ, কারিগরি পরামর্শ ও বাজারসংযোগ—এই পাঁচটি বিষয়ের ওপর জোর দিচ্ছে বাহিনী। বিশেষ করে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা ঋণের সুযোগ সৃষ্টির প্রক্রিয়া চলছে।
সংশ্লিষ্টদের মতে, তৃণমূলের এই বিপুল সদস্যশক্তিকে উৎপাদনমুখী খাতে কাজে লাগানো গেলে তাদের পরিবারসহ দেশের প্রায় তিন কোটি মানুষের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন