অক্টোবর ২৬, ২০২৫, ০৯:৫১ এএম
মা ইলিশের বাধাহীন প্রজনন নিশ্চিত করতে নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাতে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সঙ্গে সঙ্গেই ইলিশ শিকারে নদীতে নেমে পড়েছেন জেলেরা। এর ফলে দেশের অন্যতম প্রধান ইলিশের মোকাম চাঁদপুরের মাছ ঘাটগুলো আবারও সরগরম হয়ে উঠেছে। মাছের আড়ত ও বাজারগুলোতে ফিরে এসেছে আগের কর্মচাঞ্চল্য। রোববার (২৬ অক্টোবর) সকালে চাঁদপুরের বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোর থেকেই ইলিশ বেচাকেনাকে ঘিরে ব্যস্ততা শুরু হয়েছে।
যদিও নিষেধাজ্ঞা শেষে নদীতে নামা জেলেরা এখনো খুব বেশি বড় আকারের ইলিশ পাচ্ছেন না, তবে ছোট ও মাঝারি সাইজের ইলিশে বাজার সয়লাব হয়ে গেছে। মেঘনা নদীর ইলিশের চেয়ে চাঁদপুরের পদ্মা নদীর ইলিশের স্বাদ বেশি বলে খ্যাতি থাকায় জেলেরা পদ্মায় বেশি সময় দিচ্ছেন। বাজারে আসা মাছের মধ্যে এক কেজি বা তার কম ওজনের ইলিশই বেশি। নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনে এক কেজি ওজনের পদ্মা-মেঘনার ইলিশ ২২০০ থেকে ২৩০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে, যা মণপ্রতি প্রায় ৯০ হাজার টাকা।
বিক্রেতা সম্রাট জানান, মাছ কম পাওয়ায় ২০০ গ্রাম ওজনের ছোট ইলিশের হালি (৪টি) সাড়ে ৪০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। আর ৮০০-৯০০ গ্রামের ইলিশ ২২০০ থেকে ২৫০০ টাকা কেজি।জেলে কাদির মিয়া জানান, মেঘনায় ছোট ইলিশ পাওয়ায় তিনি পদ্মার গভীরে গিয়েছিলেন, কিন্তু কাঙ্ক্ষিত বড় মাছ পাননি। মাঝারি আকারের ১২টি ইলিশ পেয়েছেন, যা দিয়ে নৌকার তেল খরচ ওঠানোই কষ্টকর হবে।
আড়তদার ঈসমাইল নদীতে ইলিশের বিচরণ বাড়াতে খনন এবং দূষণ বন্ধের ওপর জোর দেন। এদিকে, ক্রেতা সফিক ক্ষোভ প্রকাশ করে বলেন, নিষেধাজ্ঞার আগেও এক কেজি ইলিশ ২০০০-২১০০ টাকায় কিনেছেন, এখন দাম আরও বেশি। এতে সাধারণ মানুষের কোনো লাভ হচ্ছে না। চাঁদপুর মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার অবশ্য আশা প্রকাশ করেন, সামনে ইলিশের ভালো মৌসুম আসছে, তখন দাম কমবে।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল হয়েছে। অভিযানে অবৈধ জাল জব্দ ও জেলেদের আটক করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলেদের সচেতন করা হয়েছে এবং ভিজিএফ সহায়তাও দেওয়া হয়েছে। তিনি আশা করেন, সফল অভিযানের ফলে জেলেরা এবার ভালো মাছ পাবেন। তবে ইলিশের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন