সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,
সড়কে ডাকাতি

নবাবগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতি

অলিউর রহমান মিরাজ

অক্টোবর ১২, ২০২৬, ০৩:৪৯ পিএম

নবাবগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতি

ছবি: দিনাজপুর টিভি

নবাবগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতি ও যাত্রীদের সর্বস্ব লুটের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা পুলিশের উচ্চপর্যায়ের একটি দল। রোববার রাতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া-দাউদপুর সড়কের কাশাবাড়ি নামক স্থানে এই অপরাধ সংঘটিত হয়। পরদিন সোমবার (১২ অক্টোবর) সকালে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যদের সঙ্গে নিয়ে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান এবং থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রি বর্মনসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভাদুরিয়া থেকে দাউদপুরগামী সংযোগ সড়কের কাশাবাড়ি এলাকায় গভীর রাতে সড়কের ওপর গাছ ফেলে পথরোধ করে অজ্ঞাত দুর্বৃত্তরা। যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে তারা পর্যায়ক্রমে চারটি গাড়িতে হানা দেয় এবং যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে মালামাল লুট করে পালিয়ে যায়।

পরিদর্শনকালে পুলিশ কর্মকর্তারা অপরাধের ধরন, পারিপার্শ্বিক আলামত এবং দুর্বৃত্তদের গতিবিধি পর্যবেক্ষণ করেন।

দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন জানান, ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং লুট হওয়া মালামাল উদ্ধারে কাজ শুরু করেছে পুলিশ।

রাতে ব্যস্ত সড়কে এ ধরনের ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দা ও নিয়মিত সড়ক ব্যবহারকারীদের মাঝে তীব্র উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।