সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটক উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম

জাহিদ হাসান

অক্টোবর ১২, ২০২৬, ০৩:৪১ পিএম

বীরগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটক উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম

ছবি: দিনাজপুর টিভি

বীরগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটক উদ্বোধন করেছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় দিনাজপুরের ঐতিহ্যবাহী বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য নতুন এই ফটকটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানের শুরুতে কলেজের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর চৌকস দল সংসদ সদস্যকে সম্মানসূচক ‍‍`গার্ড অব অনার‍‍` প্রদান করে।

ফটক উন্মোচনের পাশাপাশি কলেজ মাঠে ১০০ দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন এবং বিনা খরচে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। জাগরণ ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার এবং স্বাস্থ্য সেবা ডায়াগনস্টিক সেন্টারের যৌথ উদ্যোগে স্থানীয় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের কল্যাণে এই মানবিক স্বাস্থ্যসেবা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ উপস্থিতি হিসেবে অংশ নেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার এবং বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মাঝে বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল এবং উপজেলা যুবদলের সদস্যসচিব তানভীর আহমেদ উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।

নতুন এই প্রবেশদ্বার নির্মাণের ফলে বিদ্যাপীঠটির সামগ্রিক অবকাঠামোগত সৌন্দর্য ও নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় হয়েছে।

আয়োজকেরা আশা করছেন, মাঠে চালু হওয়া ১০০ দিনের স্বাস্থ্যসেবা কার্যক্রম তৃণমূলের সাধারণ মানুষের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করবে। একই সঙ্গে রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে সংকটকালীন মুহূর্তে মুমূর্ষু রোগীর পাশে দাঁড়াতে স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী ব্যক্তিদের একটি নির্ভরযোগ্য তালিকা তৈরিতে এটি দীর্ঘমেয়াদে ইতিবাচক ভূমিকা রাখবে।