জাহিদ হাসান
অক্টোবর ১১, ২০২৬, ০৩:৫০ পিএম
ছবি: দিনাজপুর টিভি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১ নম্বর মরিচা ইউনিয়নে ডাবরা বকবাড়ি সার্বজনীন দুর্গোৎসবের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাত আটটায় আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম। ডাবরা বকবাড়ি সার্বজনীন দুর্গাপূজা উদ্যাপন কমিটির সভাপতি তুষার রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন এবং উপজেলা যুবদলের সদস্য আক্কাস আলী।
অনুষ্ঠানে আরও অংশ নেন মরিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মাস্টার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আহসান হাবীব শামীম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মনোজ কুমার রায় ও সদস্য সচিব টিক্কা রাম রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম জানান, বীরগঞ্জ উপজেলায় এবার ১৬৭টি পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে।
তিনি উল্লেখ করেন, এসবের মধ্যে বেশ কয়েকটি পূজামণ্ডপে বৃহৎ বাজেটের বর্ণাঢ্য আয়োজন রয়েছে। প্রতিটি মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে উৎসবটি যেন শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে কাজ করতে হবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনা দিয়ে সংসদ সদস্য বলেন, নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় এবং পূজামণ্ডপগুলোতে সতর্ক অবস্থানে থেকে সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো অশুভ শক্তি যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার তাগিদ দেন তিনি।
পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি ও স্থানীয় নেতাকর্মীদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও নির্দেশ দেন, কোথাও কোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড বা বিশৃঙ্খলা দেখা দিলে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন; তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রশাসনকে অবহিত করতে হবে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে সম্পূর্ণ নির্ভয়ে ও আনন্দচিত্তে তাদের ধর্মীয় আচার পালন করতে পারেন, তা নিশ্চিত করা সবার নাগরিক দায়িত্ব।
বক্তব্যের শেষাংশে সংসদ সদস্য স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে উপজেলার প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। বীরগঞ্জে দীর্ঘদিনের বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। উৎসব আনন্দের হবে এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।